কেরানীগঞ্জে পুলিশের ফ্ল্যাটে চুরি
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক মাহফুজুর রহমানের ফ্ল্যাটে ঈদের ছুটি চলাকালীন চুরি হয়েছে। চোরেরা তাঁর ফ্ল্যাট থেকে একটি পিস্তল, নগদ টাকা, স্বর্ণালংকারসহ অন্যান্য মালামাল নিয়ে গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, সহকারী উপপরিদর্শক (এএসআই) মাহফুজুর রহমান দক্ষিণ কেরানীগঞ্জ থানার ইকুরিয়া টিলাবাড়ী এলাকার বাবুল মিয়ার ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকেন। গত ২৮ জুলাই বিকেলে তিনি তিন দিনের ঈদের ছুটিতে তাঁর গ্রামের বাড়ি ফরিদপুরের আলফাডাঙ্গায় যান। গত ৩১ জুলাই বাড়ি থেকে ফিরে তিনি দেখতে পান তাঁর ফ্ল্যাটের তালা ভাঙা। চোরেরা তাঁর ফ্ল্যাটের স্টিলের আলমারি ভেঙে একটি চায়নিজ পিস্তল, ১৬টি গুলি, দুটি ম্যাগাজিন, নগদ আড়াই লাখ টাকা, তিন ভরি স্বর্ণালংকারসহ অন্যান্য মালামাল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় তিনি গতকাল শুক্রবার থানায় মামলা দায়ের করেছেন।
সহকারী পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) শহিদুল ইসলাম বলেন, আইনানুযায়ী কোনো পুলিশ সদস্য ছুটিতে যাওয়ার আগে অস্ত্র থানায় জমা দিয়ে যাবেন। কিন্তু এএসআই মাহফুজুর রহমান আইন অমান্য করে তাঁর বাসায় অস্ত্র রেখে বাড়ি গেছেন। বিষয়টি তদন্ত করে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।