কেরানীগঞ্জে পুলিশের সঙ্গে জনতার সংঘর্ষ
ঢাকার কেরানীগঞ্জ উপজেলার রুহিতপুর ইউনিয়নের ধর্মশুর এলাকায় ডাকাত সন্দেহে একজনকে পিটুনির ঘটনায় গতকাল বুধবার ভোরে পুলিশের সঙ্গে জনতার সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন জানান, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটায় একদল মুখোশধারী ডাকাত ধর্মশুর এলাকার মাছ ব্যবসায়ী শাহজালাল মিয়ার বাড়িতে ঢুকে এক লাখ ৪০ হাজার টাকা লুট করে। পালানোর সময় এলাকাবাসী ডাকাতদের ধাওয়া করে। ডাকাতেরা তিন-চারটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এতে মো. শাহজালাল ও মো. ইয়াকুব নামের দুজন আহত হন। ডাকাতেরা মো. ইদ্রিস (৫০) নামের একজনকে কুপিয়ে জখম করে। এ সময় স্থানীয়রা মো. মানিক নামের এক ডাকাতকে আটক করে পিটুনি দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মানিককে উদ্ধার করতে গেলে উত্তেজিত কয়েকজন ব্যক্তি পুলিশের ওপর চড়াও হন। ভোরে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন স্থানীয় লোকজন।
কেরানীগঞ্জ মডেল থানার ওসি মো. মজিবর রহমান জানান, জনতা ও পুলিশের মধ্যে ভুল-বোঝাবুঝির সৃষ্টি হয়। কিছু লোক উত্তেজিত হয়ে পুলিশের ওপর হামলা চালায়।