কেরানীগঞ্জে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে গত শনিবার রাতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ইউসুফ মিয়া (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ বলছে, ইউসুফ ডাকাতসর্দার ছিলেন। তাঁর বিরুদ্ধে খুন ও ডাকাতির অন্তত ১০টি মামলা রয়েছে। তবে পরিবারের দাবি, তিনি ডাকাত নন।
নিহত ইউসুফের বাবার নাম আইয়ুব আলী। গ্রামের বাড়ি ঢাকার দোহার উপজেলার হাজারবিঘা গ্রামে। স্ত্রী-সন্তান নিয়ে নারায়ণগঞ্জের দেলপাড়া এলাকায় থাকতেন তিনি।
দক্ষিণ কেরানীগঞ্জ থানা-পুলিশের ভাষ্যমতে, শনিবার দিবাগত রাত দেড়টার দিকে পুলিশ খবর পায়, খেজুরবাগ সাতপাখি মুসলিমনগর এলাকায় একটি ডাকাত দল আড্ডা দিচ্ছে। পুলিশের একটি দল সেখানে অভিযানে গেলে ছয়-সাতজন ডাকাত তাদের লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালালে বন্দুকযুদ্ধ শুরু হয়। একপর্যায়ে ডাকাতসর্দার ইউসুফ মাথায় ও বুকে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পুলিশ ধাওয়া করে মো. সোহরাব (৩০) ও ইসমাইল মিয়া (২৭) নামের আরও দুই ডাকাতকে আটক করে। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, দুটি গুলি, গ্রিল কাটার মেশিন ও দা উদ্ধার করে। পরে ইউসুফকে চিকিৎসার জন্য মিটফোর্ড হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই মো. মনিরুজ্জামান, এএসআই মফিজুল ইসলামসহ পাঁচ পুলিশ সদস্য আঘাতপ্রাপ্ত হন।
তবে নিহত ইউসুফের স্ত্রী সুলতানা বেগম দাবি করেন, তাঁর স্বামী নারায়ণগঞ্জের দেলপাড়া বাজারে মাছের ব্যবসা করতেন। শনিবার সকাল ১০টার দিকে তাঁদের একজন আত্মীয়ের কাছে পাওনা টাকা নিতে কেরানীগঞ্জের ডাকপাড়ায় যাচ্ছিলেন। পথে কদমতলী গোলচত্বর এলাকা থেকে তাঁর স্বামী ইউসুফসহ আরও দুই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। অন্য দুই ব্যক্তির পরিচয় তিনি জানেন না।
ইউসুফের মা রিনা বেগম বলেন, ‘আমার ছেলে ডাকাত ছিল না। তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। আমার ছেলের হত্যার বিচার চাই।’
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মনিরুল ইসলাম বলেন, ইউসুফের নামে এই থানায় একটি ডাকাতি মামলা, দোহার থানায় একটি খুনসহ ছয়টি ডাকাতির মামলা এবং নবাবগঞ্জ থানায় তিনটি ডাকতির মামলা রয়েছে। গ্রেপ্তার হওয়া দুই ডাকাত সোহরাব ও ইসমাইলের নামেও মামলা রয়েছে।