কেরানীগঞ্জে ব্যবসায়ীকে গুলি
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে গতকাল রোববার রাতে এক ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। পুলিশ ও স্বজনেরা বলছেন, গত বছর আদালতের হাজতখানা থেকে পালানো সন্ত্রাসী মোক্তার হোসেন ওরফে ল্যাংড়া আমির ও তার লোকজন এ ঘটনা ঘটিয়েছে। আমির বহুল আলোচিত শিশু পরাগ অপহরণ মামলার প্রধান আসামি।
বুকে গুলিবিদ্ধ ব্যবসায়ী শাহ আলম মিয়াকে (৬৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্বজনেরা বলেন, গতকাল রাত সাড়ে নয়টার দিকে ইট-বালু ব্যবসার গদি থেকে বাসায় যাওয়ার পথে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাঁর গাড়ি লক্ষ্য করে গুলি করে। এতে তাঁর বুকের ডান পাশে একটি গুলি লাগে। শাহ আলম কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও চলচ্চিত্র প্রযোজক নাজিমউদ্দীনের বড় ভাই।
শাহ আলম মিয়ার ছেলে শাহীন আলম বলেন, কয়েক দিন ধরে ল্যাংড়া আমির চাঁদা দাবি করে আসছিল। টাকা না পেয়েই সে গুলি করেছে বলে পরিবারের বদ্ধমূল ধারণা।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, শাহ আলমের পরিবার পুলিশের কাছে অভিযোগ করেছে, চাঁদা না পেয়ে ল্যাংড়া আমির ও তার লোকজন এ ঘটনা ঘটিয়েছে। আমিরকে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে। আমিরের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একাধিক মামলা ও জিডি রয়েছে।
সর্বশেষ মাসখানেক আগে দক্ষিণ কেরানীগঞ্জের জিয়ানগরে পোশাক কারখানার মালিক নুরু মিয়াকে চাঁদার দাবিতে গুলি করার অভিযোগ ওঠে আমিরের বিরুদ্ধে।
২০১২ সালের ১১ নভেম্বর সকালে কেরানীগঞ্জের শুভাঢ্যার পশ্চিমপাড়া বাসার গলির মুখ থেকে অপহৃত হয় শিশু পরাগ। দুর্বৃত্তরা পরাগের মা লিপি মণ্ডল, বোন পিনাকি মণ্ডল ও তাঁদের গাড়িচালক নজরুল ইসলামকে গুলি করে পরাগকে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। এ ঘটনা দেশে আলোচিত হয়। পরে ১৩ নভেম্বর মধ্যরাতে কেরানীগঞ্জের আটিবাজার এলাকার রাস্তায় পরাগকে ফেলে যায় সন্ত্রাসীরা। ২৩ নভেম্বর টঙ্গীতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের পর গুলিবিদ্ধ অবস্থায় আমির গ্রেপ্তার হন। পরের বছর ওই ঘটনায় পুলিশ আমিরসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। সেই মামলায় ঢাকার আদালতে হাজিরা দিতে এসে গত বছরের ১১ আগস্ট আদালতের হাজত থেকে পালান আমির।