কেরানীগঞ্জে মাথাবিহীন লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সোনাতলা এলাকায় আমান আলী (৫৫) নামের এক ব্যক্তিকে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের খেজুরবাগ সাতপাখি এলাকার চুনকুটিয়া ভূমি মালিক সমিতির কার্যালয়ের পাশে একটি কাশবন থেকে গত শনিবার রাতে অজ্ঞাত যুবকের (২৫) মাথাবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ।
কালিয়াকৈর থানার পুলিশ জানায়, আমান আলী মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তিনি সোনাতলার একটি বাড়িতে একা থাকতেন। ঘরে আমানের লাশ পড়ে থাকতে দেখে গতকাল রোববার সকাল ১০টার দিকে স্থানীয় বোয়ালী ইউনিয়নের সদস্য আফজাল হোসেন পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। আমানের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এ সময় একটি ভাঙা পিঁড়ি, ইয়াবা, গাঁজা, গাঁজা সেবনের উপকরণ উদ্ধার করা হয়েছে। দুর্বৃত্তরা তাঁকে ওই পিঁড়ি দিয়ে মাথায় আঘাত করে হত্যা করেছে বলে ধারণা করছে পুলিশ। কালিয়াকৈর থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় কালিয়াকৈর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ ও স্থানীয় লোকজন জানান, শনিবার রাত সাড়ে আটটায় চুনকুটিয়া ভূমি মালিক সমিতির কার্যালয়ের সামনে একটি কাশবনের পাশে মানুষের শরীরের একটি টুকরা দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আরও চার টুকরা উদ্ধার করে। তবে লাশের মাথা পাওয়া যায়নি।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি জামাল উদ্দিন মীর বলেন, লাশের পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় তদন্ত চলছে।