কেরানীগঞ্জে মৃতদেহ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া চৌধুরীপাড়া এলাকার শিপু মিয়ার বাড়ি থেকে সাজেদা বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার সকাল ১০টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহত সাজেদা ভোলার তজুমুদ্দিন গ্রামের মৃত হাবিব তালুকদারের স্ত্রী। এ ঘটনায় জড়িত সন্দেহে জয়নাল মিয়া (৩০) নামে এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রাজীব হোসেন বলেন, গৃহবধূ সাজেদা বেগমের স্বামী মারা যাওয়ার পর কালীগঞ্জ চৌধুরীপাড়া এলাকায় বিভিন্ন মেসে ভাত বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। এরই মধ্যে সাজেদার সঙ্গে পার্শ্ববর্তী লন্ড্রির মালিক জয়নালের সঙ্গে সখ্য গড়ে ওঠে। জয়নালকে তিনি ৫৫ হাজার টাকাও ধার দেন। এই পাওনা টাকা আদায় নিয়ে গত শনিবার সন্ধ্যায় তাঁদের মধ্যে ঝগড়া হয়। পরদিন রোববার সকালে প্রতিবেশীরা তাঁর ঘরের জানালার সঙ্গে সাজেদার মৃতদেহ ঝুলতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ সাজেদার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশ জানায়, এটি হত্যা না আত্মহত্যা, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে।