কেরানীগঞ্জে সন্ত্রাসীর গুলিতে এক ব্যক্তি নিহত, আটক ২
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে গত সোমবার সন্ধ্যায় সন্ত্রাসীদের গুলিতে আহত যুবক মো. আরমান (৩০) চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য মো. আমিন ও আবদুল গনি শেখ নামের দুই ব্যক্তিকে আটক করেছে।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা সাতটায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার ইস্পাহানি ছোট মসজিদ রোড এলাকায় অজ্ঞাত কয়েকজন যুবক ঝুট ব্যবসায়ী আরমানকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে আরমান মাথায় গুলিবিদ্ধ হন। পরে এলাকাবাসী ধাওয়া করলে কয়েকটি ফাকা গুলি ছুড়ে তারা পালিয়ে যায়। আরমানকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। গতকাল সকাল আটটায় আরমান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
আরমানের স্ত্রী রিমা আক্তার বলেন, ‘আমার স্বামী আরমান সোমবার বিকেল পাঁচটায় ছেলে সিহানের জন্য ওষুধ আনতে বের হন। পরে সন্ধ্যায় শুনতে পাই সন্ত্রাসীরা তাঁকে গুলি করেছে।’ তিনি অভিযোগ করেন, ‘১৫ দিন আগে আমাদের প্রতিবেশী মামাশ্বশুর বাবুল মিয়ার পরিবারের সঙ্গে গ্যাস-সংযোগ নিয়ে বিরোধ হয়। ওই ঘটনার জের ধরে বাবুল মিয়া সন্ত্রাসীদের দিয়ে আমার স্বামীকে হত্যা করিয়েছে।’
এ ব্যাপারে বাবুল মিয়া বলেন, ‘আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। আরমান মাদক ব্যবসাসহ নানা অপকর্মের সঙ্গে জড়িত ছিল। আমাদের ধারণা, নিজেদের দ্বন্দের কারণে প্রতিপক্ষ তাঁকে গুলি করে হত্যা করেছে।’
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে আমিন ও গনি শেখ নামের দুই ব্যক্তিতে আটক করা হয়েছে।