কেরানীগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার কেরানীগঞ্জে শ্যামলী আক্তার (২৬) নামে এক গৃহবধূকে তাঁর স্বামী কুপিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ তাঁর স্বামীকে গত রোববার আটক করেছে।

শ্যামলী আক্তার চট্টগ্রাম জেলার সন্দ্বীপ থানার হরিসপুর গ্রামের টিপু সুলতানের (৩৪) স্ত্রী। তাঁরা কেরানীগঞ্জ মডেল থানার আটি ভাড়ালিয়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, টিপু রাজধানীর নিউমার্কেটে কাপড়ের ব্যবসা করতেন। গত রোববার বিকেল চারটার দিকে তিনি বাসায় ফিরে দেখেন তাঁর স্ত্রী শ্যামলী কয়েকজন বন্ধুর সঙ্গে গল্প করছেন। এ নিয়ে তাঁদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। রাত আটটার দিকে শ্যামলী রান্নাঘর থেকে বঁটি এনে টিপুকে আঘাত করার চেষ্টা করেন। একপর্যায়ে টিপু বঁটি ছিনিয়ে নিয়ে শ্যামলীর ঘাড়ে উপর্যুপরি আঘাত করেন। পরে টিপু ও স্থানীয় ব্যক্তিরা তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ সময় পুলিশ হাসপাতাল থেকে টিপুকে আটক করে থানায় নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার রাত সাড়ে আটটায় তিনি মারা যান।