কেরানীগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতার লাশ উদ্ধার
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন পশ্চিমদি কলাবাগান এলাকা থেকে গতকাল শনিবার মো. লোকমান হোসেন (৪০) নামের শ্রমিক লীগের এক নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ।
শরীয়তপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি লোকমান উপজেলার সন্তোষপুর গ্রামের সিরাজ মাদবরের ছেলে। তিনি ঢাকার আদাবর এলাকার একটি বাসায় থেকে ঠিকাদারি ব্যবসা করতেন।
এদিকে লোকমানের লাশ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে সন্তোষপুর গ্রামে তাঁর সমর্থকেরা প্রতিপক্ষের বাড়িতে হামলা চালিয়ে লুটপাট ও অগ্নিসংযোগ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানা সূত্রে জানা গেছে, গতকাল বেলা একটার দিকে স্থানীয় লোকজন পশ্চিমদি কলাবাগান এলাকার রাস্তার পাশের একটি ঝোপের মধ্যে একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। লাশের কপালে ও মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। খবর পেয়ে লোকমানের চাচাতো ভাই আকবর হোসেন এসে লাশটি শনাক্ত করেন।
শরীয়তপুর সদর থানা সূত্রে জানা গেছে, লোকমানের লাশ উদ্ধারের খবর পাওয়ার পর বেলা তিনটার দিকে তাঁর সমর্থকেরা প্রতিপক্ষ দুলাল ব্যাপারী, জুলহাস মাদবর, কালাচান মাদবর, সুলতান মাদবর, খোকন ব্যাপারী, জাহাঙ্গীর মাদবর এবং জয়নাল মাদবরের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা তাঁদের ১৫টি ঘরে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেয়। এ সময় আসবাবপত্রসহ মূল্যবান জিনিসপত্র লুটপাট করা হয়।
২০০৮ সালের ২৫ জানুয়ারি লোকমানের চাচা শরীয়তপুর জেলা আওয়ামী লীগের নেতা ও স্থানীয় চিকন্দী শরফ আলী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সামাদ মাস্টারকে হত্যা করে দুর্বৃত্তরা। ওই হত্যাকাণ্ডের মামলাটির খোঁজখবর রাখতেন লোকমান। এ কারণে আসামিরা লোকমানকে হুমকি দিয়ে আসছিলেন। লোকমানের স্ত্রী শেফালী বেগম বলেন, ওই মামলার আসামিদের ভয়ে লোকমান বিভিন্ন স্থানে পালিয়ে থাকতেন। লোকমানের ভাই উথান মাদবর বলেন, ‘শুক্রবারও মুঠোফোনে ভাইয়ের সঙ্গে কথা হয়েছে। চাচার হত্যাকারীরাই পরিকল্পনা করে আমার ভাইকে হত্যা করেছে।’
সন্তোষপুর গ্রামের জয়নাল মাদবর বলেন, ‘স্থানীয় রাজনীতি নিয়ে তাদের সঙ্গে আমাদের দ্বন্দ্ব রয়েছে। কিন্তু কোনো হত্যাকাণ্ডের সঙ্গে আমরা জড়িত নই। উদ্দেশ্যমূলকভাবে আমাদের বাড়িতে হামলা চালানো হয়েছে।’
গতকাল সন্ধ্যায় শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার এহসান শাহ বলেন, হত্যাকাণ্ডের ঘটনাটি ঢাকায় ঘটেছে। এলাকায় এ খবর ছড়িয়ে পড়লে কয়েকটি বাড়িতে হামলা করে অগ্নিসংযোগ করা হয়। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। ওই গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে।