কেরানীগঞ্জে ১৪টি ওয়ান শ্যুটার গানসহ দুই ব্যক্তি আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেরানীগঞ্জে ১৪টি ওয়ান শ্যুটার গান, চারটি গুলিসহ গুলিবিদ্ধ অবস্থায় মো. মিজান (৩০) ও মো. ফারুক নামের দুই যুবককে আটকের দাবি করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল মঙ্গলবার রাত নয়টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ঢাকা-মাওয়া সংযোগ সড়ক এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত নয়টার দিকে তারা দক্ষিণ কেরানীগঞ্জ থানার ঢাকা-মাওয়া সংযোগ সড়কের কাছে অভিযান চালায়। মাওয়া সড়ক থেকে ঢাকাগামী একটি সিএনজিচালিত অটোরিকশার যাত্রী দুই যুবককে সন্দেহ হলে পুলিশ তাঁদের চ্যালেঞ্জ করে। এ সময় তাঁরা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন এবং পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়েন। ডিবি পুলিশ পাল্টা পাঁচটি গুলি ছুড়লে মো. মিজান নামের এক যুবক ডান পায়ে গুলিবিদ্ধ হন। তখন ডিবি পুলিশ মো. মিজানের সহযোগী ফারুককে আটক করে। এ সময় তাঁদের কাছ থেকে ১৪টি ওয়ান শ্যুটার গান ও চারটি গুলি উদ্ধার করে। এ ছাড়া তাঁদের কাছ থেকে একটি ড্রিল মেশিন ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
মিজানের বাড়ি কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার পাটগাঁও গ্রামে। তিনি রাজধানীর যাত্রাবাড়ী এলাকার শহীদ ফারুক সড়কে বসবাস করেন। ফারুকের বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার ধানুর গ্রামে।