কেরানীগঞ্জে ৩০০ ফুট অবৈধ গ্যাসপাইপের সংযোগ বিচ্ছিন্ন
ঢাকার কেরানীগঞ্জের খোলামোড়া এলাকায় প্রায় ৩০০ ফুট অবৈধ গ্যাসপাইপের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। আজ রোববার বেলা ১১টার দিকে প্রশাসন এ উচ্ছেদ অভিযান চালায়। এর ফলে ওই এলাকার প্রায় ৪০০ পরিবারের গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
এলাকার লোকজনের দাবি, তাঁরা বৈধভাবে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. মনির মিয়ার কাছে টাকা জমা দিয়ে গ্যাস-সংযোগ নিয়েছেন।
অবৈধ গ্যাস বিতরণ পাইপ অপসারণ অভিযানে নেতৃত্ব দেন ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মাহবুব-উর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন তিতাস গ্যাসের জোন-৫ জিনজিরার আঞ্চলিক বিক্রয় কার্যালয় ব্যবস্থাপক প্রকৌশলী সত্যজিত্ ঘোষ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মাহবুব-উর রহমান বলেন, সরকারের নির্দেশমোতাবেক অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান শুরু হয়েছে। এটি চলমান প্রক্রিয়া, পর্যায়ক্রমে কেরানীগঞ্জের সব অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করা হবে।
খোলামোড়া এলাকার বাসিন্দা মো. বশির আলী জানান, তিনি রিকশা চালিয়ে সংসার চালান। গ্যাসলাইনের জন্য তিনি ৭০ হাজার টাকা জমা দিয়েছেন বলে দাবি করলেন। এখন সংযোগ বিচ্ছিন্ন করে দিচ্ছে। তিনি আক্ষেপ করে বলেন, ‘এখন আমাদের টাকার কী হবে?’
খোলামোড়া এলাকার গৃহবধূ সেলিনা বেগম বলেন, ‘আমরা মনির মেম্বার ও কালু মিয়ার কাছে গ্যাসের জন্য ৭০ হাজার করে টাকা দিয়েছি। তখন গ্যাস অফিসের কিছু লোক আমাদের গ্যাসের পাইপ বসিয়ে দিয়ে গেছে। এখন তারাই আবার এসে আমাদের লাইন অবৈধ বলে তুলে নিয়ে যাচ্ছে।’
এ ব্যাপারে কালিন্দি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মনির মিয়া বলেন, ‘অবৈধ গ্যাস-সংযোগের বিষয়ে আমি জড়িত নই। আমরা এলাকার লোকজন মিলে স্থানীয় বাসিন্দা মো. আলীর চাচা মো. আলাউদ্দিনকে এ কাজের জন্য কন্টাক্ট করি। এ জন্য তাঁকে প্রায় এক কোটি টাকাও দিয়েছি। কিন্তু কর্তৃপক্ষ অবৈধ বলে আমাদের পাইপ অপসারণ করে দিয়েছে। এখন মো. আলাউদ্দিন আমাদের বলছেন, গ্যাস অফিসে গিয়ে এ সংযোগটি সিবিএ নেতার সংযোগ বললেই কর্তৃপক্ষ পুনরায় সংযোগ দিয়ে দিবে।’
জিনজিরায় জোন-৫ আঞ্চলিক বিক্রয় কার্যালয়ের ব্যবস্থাপক প্রকৌশলী সত্যজিত্ ঘোষ বলেন, কেরানীগঞ্জের ১৪টি অঞ্চলের অবৈধ গ্যাস-সংযোগের তালিকা করা হয়েছে। ইতিমধ্যে ১০টি অঞ্চলের অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করা হয়ে গেছে। তিনি আরও বলেন, ‘যদি সাধারণ মানুষ আমাদের কাছে লিখিতভাবে সুনির্দিষ্ট করে কারও বিরুদ্ধে অভিযোগ করে, তবে আমরা তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব।’