কেরানীগঞ্জে ৫ ইটভাটাকে ৫ লাখ টাকা জরিমানা
পরিবেশ ছাড়পত্র না থাকায় কেরানীগঞ্জের পাঁচটি ইটভাটার মালিককে এক লাখ টাকা করে পাঁচ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বৃহস্পতিবার দুপুরে কোন্ডা ইউনিয়নের ব্রাহ্মণগাঁও এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ রায় দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) দক্ষিণ কেরানীগঞ্জ সার্কেল শিউলী রহমান।
গতকাল দুপুরে ভ্রাম্যমাণ আদালত উপজেলার কোন্ডা ও তেঘরিয়া ইউনিয়নে অভিযান চালান। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকা ও নিয়মবহির্ভূত ইটভাটার ব্যবসা পরিচালনার অভিযোগে ভাই ভাই ব্রিকসের মালিক আমজাদ হোসেন, একে ট্রেডার্সের মালিক নাসিম আহমেদ, সুলতান ব্রিকসের মালিক মোহাম্মদ সুলতান, গিয়াসউদ্দিন ব্রিকসের মালিক মোহাম্মদ গিয়াসউদ্দিন ও এন বি এম ব্রিকসের মালিক দেলোয়ার হোসেনের ইটভাটায় অভিযান চালিয়ে প্রতিটি ইটভাটার মালিককে এক লাখ টাকা করে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক শিউলী রহমান বলেন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন ২০১৩-এর ৪ ও ৫ ধারা অনুযায়ী ইটভাটার মালিকদের জরিমানা করা হয়েছে।