কেরানীগঞ্জে ৫০টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার কেরানীগঞ্জ মডেল টাউন এলাকায় আজ সোমবার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ছবি: প্রথম আলো
ঢাকার কেরানীগঞ্জ মডেল টাউন এলাকায় আজ সোমবার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ছবি: প্রথম আলো

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান শুরু হয়েছে। আজ সোমবার কেরানীগঞ্জ মডেল টাউন এলাকায় ৫ নম্বর গলিসহ আশপাশের এলাকায় ৯টি বহুতল ভবনের প্রায় ৫০টি পরিবারের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকরামুল ইসলামের নেতৃত্বে আজ সকাল ১০টার দিকে কেরানীগঞ্জ মডেল টাউন এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণের অভিযান শুরু হয়।
অবৈধভাবে গ্যাস সংযোগ নেওয়ার অভিযোগে কেরানীগঞ্জের মডেল টাউন এলাকার মো. ওয়াদুদ, আয়নাল হোসেন, শহিদুল ইসলাম, বজনু মিয়া, তাজুল ইসলাম, মনু মিয়া, মালেক মিয়া, সৈয়দ আলী, মো. পারভেজ ও আবদুল মিয়ার বহুতল ভবনের অবৈধ গ্যাস সংযোগের লাইন অপসারণ করে সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
সৈয়দ আলীর ভাড়াটিয়া আবুল কাশেম জানান, আমি ৩ মাস আগে ভাড়া করা এ বাড়িতে উঠেছি। শুনেছি বাড়ির মালিক ঠিকাদারের মাধ্যমে গ্যাস সংযোগ নিয়েছিলেন।

ঢাকার কেরানীগঞ্জ মডেল টাউন এলাকায় অবৈধ গ্যাস সংযোগের পাইপ আজ সোমবার বিচ্ছিন্ন করা হয়। ছবি: প্রথম আলো
ঢাকার কেরানীগঞ্জ মডেল টাউন এলাকায় অবৈধ গ্যাস সংযোগের পাইপ আজ সোমবার বিচ্ছিন্ন করা হয়। ছবি: প্রথম আলো


অবৈধভাবে গ্যাস ব্যবহারের অভিযোগে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হওয়া মালেক মিয়ার বাড়ির তদারককারী মো. আনসার জানান, আমাদের বাড়ির মালিকের জামাই এ বাসায় থাকেন। তিনি দাবি করেন, বাসায় গ্যাস সংযোগ নাই, গ্যাস আনার জন্য পাইপ বসানো হয়েছিল।
তিতাস গ্যাস কোম্পানি লিমিটেডের ঢাকা জোন-৫ এর ব্যবস্থাপক সাকির আহমেদ প্রথম আলোকে বলেন, আজকের অভিযানে অবৈধভাবে গ্যাস সংযোগের অভিযোগে নয়জনের মালিকানাধীন পৃথক ৯টি বহুতল ভবনের প্রায় অর্ধশত পরিবারের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ ছাড়া অবৈধ গ্যাস সংযোগে জন্য প্রায় সাড়ে তিন শ ফুট পাইপ লাইন অপসারণ করা হয়েছে। তিনি আরও বলেন, অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। অবৈধ গ্যাস সংযোগকারী যে কেউ হোক না কেন তাদের ছাড় দেওয়া হবে না।
উচ্ছেদ অভিযানে ঢাকা জেলা ৫-এর সহকারী প্রকৌশলী মো. আজগর, উপসহকারী প্রকৌশলী শফিউল আলম এবং পুলিশ সদস্যরা অংশ নেন।