কেরানীগঞ্জের অপহৃত ব্যবসায়ী উদ্ধার
কেরানীগঞ্জের রুহিতপুর থেকে অপহৃত মিষ্টি ব্যবসায়ী নারায়ণ ঘোষকে (৫৪) কদমতলী থানার মুরাদনগর এলাকা থেকে বৃহস্পতিবার রাতে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন আলমগীর হোসেন (৪৩) ও রানা মিয়া (৩০)।
মিষ্টি ব্যবসায়ী নারায়ণ ঘোষ নিখোঁজের ঘটনায় তাঁর ভাতিজা প্রসেনজিৎ ঘোষ বৃহস্পতিবার দুপুরে কেরানীগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। এরপরই পুলিশ অভিযানে নামে। উদ্ধার হওয়া ব্যবসায়ী নারায়ণ ঘোষ সাংবাদিকদের বলেন, রুহিতপুর বাজারে সুস্মিতা মিষ্টান্ন ভান্ডার নামে তাঁর একটি দোকান আছে। গত বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় অজ্ঞাতপরিচয় তিনজন লোক এসে ৫০ কেজি মিষ্টি নেবে বলে জানায়। তারা মিষ্টির টাকা দেওয়ার কথা বলে তাঁকে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে রাজধানীর কদমতলীর মুরাদনগর এলাকায় নিয়ে যায়। এরপর সেখানের একটি ভবনে তাঁকে আটকে রাখে।
এদিকে অপহৃত নারায়ণ ঘোষের ভাতিজা প্রসেনজিৎ ঘোষ জানান, অপহরণকারীরা গত বৃহস্পতিবার দুপুরের দিকে ফোন করে মুক্তিপণ হিসেবে দুই লাখ টাকা দাবি করে। এর মধ্যে বিকাশের মাধ্যমে তিনি ৪০ হাজার টাকা দেন। পরে এ বিষয়টি কেরানীগঞ্জ মডেল থানার পুলিশকে জানালে উপপরিদর্শক মো. সাইদুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল মুরাদনগর এলাকায় অভিযান চালিয়ে নারায়ণ ঘোষকে উদ্ধার করে।
কেরানীগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনসারী জিন্নাত আলী বলেন, অপহৃত ব্যবসায়ীর ভাতিজার অভিযোগের ভিত্তিতে পুলিশ পণের টাকা ওঠানোর সময় অপহরণকারী আলমগীরকে গ্রেপ্তার করে। পরে রানাকে গ্রেপ্তার করে। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী ব্যবসায়ীকে উদ্ধার করা হয়।