কেরানীগঞ্জের আমির গ্রেপ্তারের পর 'বন্দুকযুদ্ধে' নিহত

কেরানীগঞ্জের শিশু পরাগ অপহরণ মামলার প্রধান আসামি মোক্তার হোসেন ওরফে ল্যাংড়া আমির গ্রেপ্তারের পর পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন।
গতকাল সোমবার দিবাগত রাতে দক্ষিণ কেরানীগঞ্জের মীরেরবাগ এলাকায় কথিত এই বন্দুকযুদ্ধ হয় বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থল থেকে পুলিশ আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করার কথা জানিয়েছে।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাঈদুর রহমান প্রথম আলোকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বাগেরহাটে অভিযান চালিয়ে আমিরকে গ্রেপ্তার করা হয়। তাঁকে ঢাকায় আনা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল রাতে তাঁকে নিয়ে দক্ষিণ কেরানীগঞ্জে অভিযানে যায় পুলিশ। এ সময় তাঁর সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। পরে ঘটনাস্থলে আমিরকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাঁকে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, মোক্তার হোসেন ওরফে ল্যাংড়া আমির দুর্ধর্ষ সন্ত্রাসী ছিলেন। পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে তিনি নিশ্চিতভাবে নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও দুটি গুলি উদ্ধার করা হয়েছে। আমিরের লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মর্গে রয়েছে।
ঘটনার বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত তথ্য জানাতে আজ বেলা ১১টায় ঢাকা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে ব্রিফিং হওয়ার কথা।
২০১২ সালের ১১ নভেম্বর সকালে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যার পশ্চিমপাড়ায় বাসার গলির মুখ থেকে মা, বোন ও গাড়িচালককে গুলি করে শিশু পরাগ মণ্ডলকে অপহরণ করে আলোচনায় আসেন আমির। তার আগেই অবশ্য তাঁর বিরুদ্ধে হত্যা মামলা হয়।
পরাগ অপহরণের ১২ দিনের মাথায় ২০১২ সালের ২৩ নভেম্বর টঙ্গীতে বন্দুকযুদ্ধের পর আমির নিহত হয়েছেন বলে মনে করেছিল পুলিশ। তাঁর নিহত হওয়ার খবর সংবাদমাধ্যমকেও জানানো হয়েছিল। কিন্তু হাসপাতালে আনার পর আমির বেঁচে ওঠেন। এই আমিরই গত বছরের ১১ আগস্ট ঢাকার আদালতের হাজতখানা থেকে পুলিশকে বোকা বানিয়ে পালিয়ে যান।
পুলিশ বলছে, আমিরের বাড়ি মুন্সিগঞ্জের মীরকাদিম এলাকায়। একসময় দক্ষিণ কেরানীগঞ্জের পশ্চিমপাড়া এলাকায় জমির ব্যবসায় যুক্ত ছিলেন। এরপর হাসনাবাদ এলাকায় আবাস গড়েন। ঠিকমতো হাঁটতে না পারার জন্য তাঁর নামের সঙ্গে ‘ল্যাংড়া’ শব্দটি জুড়ে দেয় এলাকাবাসী। তাঁর চলাচলের একমাত্র বাহন ছিল মোটরসাইকেল। সহযোগীরা মোটরসাইকেল চালাতেন, আর আমির পেছনে বসে থাকতেন।
আমিরকে কেরানীগঞ্জের ত্রাস হিসেবে অভিহিত করে আসছিল পুলিশ ও স্থানীয় লোকজন। কেরানীগঞ্জের কয়েকজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ইতিমধ্যে আমিরের হাতে গুলিবিদ্ধ হয়েছেন।
আমিরের গতিবিধি ভৌতিক আর কর্মকাণ্ড পৈশাচিক ছিল বলে জানিয়েছিল পুলিশ। এমনকি তিনি পুলিশকে মারারও হুমকি দিয়েছিলেন। তাঁর ভয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি নিজের নিরাপত্তাও বাড়িয়েছিলেন।
পুলিশের কর্মকর্তারা বলেন, পুলিশের কাছ থেকে পালানোর পর চলতি বছরের মার্চ থেকে কেরানীগঞ্জ এলাকায় আবারও সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেন আমির। গত ২২ মার্চ চিকিৎসক দম্পতি আবু নোমান ও শাহানা নোমানের রিকশা থামিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে চিরকুট দেন ল্যাংড়া আমির। চিরকুট দেওয়ার সময় গুলি ছুড়ে আহত করেন তাঁদের বহনকারী রিকশাচালককে। চলে যাওয়ার সময় বলেন, ২০ লাখ টাকা না দিলে পরের গুলিটা তাঁদের বুকে করা হবে। এরপর আতঙ্কে কেরানীগঞ্জ ছাড়েন ওই দম্পতি।
গত ২২ মে দিনদুপুরে জিয়ানগর এলাকায় ব্যবসায়ী নুরুল ইসলামের রিকশা থামিয়ে একই কায়দায় তাঁর পায়ে গুলি করেন আমির। সর্বশেষ গত মাসে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় ব্যবসায়ী শাহ আলমের বুকে গুলি করেন আমির।
আরও পড়ুন:
কেরানীগঞ্জের আমির!