কেরানীগঞ্জের নলকূপের পানি 'মিনারেল' বলে বিক্রি হচ্ছে
পুরান ঢাকার সদরঘাট, ইসলামপুর, তাঁতীবাজার, শাঁখারীবাজারসহ বিভিন্ন এলাকায় ‘মিনারেল ওয়াটার’ বলে জারে যে পানি বিক্রি হচ্ছে, তার বেশির ভাগই মানসম্মত নয়। সাধারণ নলকূপের পানি জারে ভরে বিক্রি করা হচ্ছে এসব স্থানে। এ চাহিদার জোগান আসছে কেরানীগঞ্জ থেকে। এ জন্য সেখানে গড়ে উঠেছে ৩০টির মতো কারখানা।
বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এই ৩০টি কারখানা থেকে প্রতিদিন গড়ে ৫০ হাজার লিটার পানি সরবরাহ করা হচ্ছে। তবে এসব কারখানার কেনো মান সনদ নেই।
সরেজমিনে দেখা গেছে, কেরানীগঞ্জ উপজেলার জিনজিরা, আগানগর, মডেল টাউন, খোলামোড়া, হাসনাবাদ ও আবদুল্লাহপুর এলাকাতেই মূলত এসব কারখানা। সব কারখানাতেই আছে পানি উত্তোলনের জন্য ডিপ টিউবওয়েল। কারখানার কর্মচারীরা এমনকি মালিকও জার, ছোট ড্রাম বোতলে পানি ভর্তি করেন। এরপর সেই জারের মুখে ছিপি ও সিল লাগিয়ে তা বাজারে পাঠানো হয়।
এসব পানি বিশুদ্ধ কি না, জানতে চাইলে কেরানীগঞ্জ মডেল টাউন এলাকার রুবেল ড্রিংকিং ওয়াটার কোম্পানির পরিচালক মাহবুব হোসেন বলেন, ‘আমাদের সরবরাহকৃত পানি ১০০ ভাগ বিশুদ্ধ। পুরান ঢাকার সদরঘাট, ইসলামপুর, তাঁতীবাজার, শাঁখারীবাজার, বাংলাবাজার, বংশাল, চকবাজার, মিটফোর্ড, নয়াবাজার ও গুলিস্তানে পানি যাচ্ছে।’ তিনি জানান, এই প্রতিষ্ঠান থেকে প্রতিদিন চার-পাঁচ হাজার লিটার পানি সরবরাহ করা হয়। ২০ লিটার জার প্রতিটি বিক্রি করা হয় ৪৫ টাকা।
চুনকুটিয়া এলাকার আল্লাহর দান ড্রিংকিং ওয়াটার কোম্পানির কর্মচারী মো. সোহেল বলেন, সকাল-বিকেল দুই বেলা সদরঘাট এলাকায় পানি বিক্রি হয়।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. হযরত আলী বলেন, ‘কেরানীগঞ্জ থেকে কত পরিমাণ পানি রাজধানীতে বিক্রি হচ্ছে তা আমার জানা নেই।’
ঢাকা ওয়াসা মডস জোন-২-এর নির্বাহী প্রকৌশলী মো. সুজাবত আলী তালুকদার বলেন, এই জোনের আওতায় প্রতিদিন ৫৩টি পানির পাম্পের মাধ্যমে ১৫ কোটি লিটার পানি সরবরাহ করা হয়।