কেরানীগঞ্জের যুবলীগ নেতা অপহৃত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাবিবুর রহমান
হাবিবুর রহমান

কেরানীগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান অপহৃত হয়েছেন। ১৭ অক্টোবর রাজধানীর যাত্রাবাড়ী থানার দয়াগঞ্জ বটতলা থেকে সাদাপোশাকে অস্ত্রধারী একদল ব্যক্তি একটি মাইক্রোবাসে করে তাঁকে তুলে নিয়ে যায়। এরপর থেকে তাঁর কোনো খোঁজ নেই।
পরিবারের সদস্যদের দাবি, রাজনৈতিক বিরোধ থেকে এ ঘটনা ঘটেছে। তবে কার সঙ্গে বিরোধ তা তাঁরা বলতে রাজি হননি। অপহৃত হাবিবুর রহমান দনিয়া এলাকায় ‘ইএফসি ফাস্টফুড’ নামে একটি খাবার দোকানের মালিক। দয়াগঞ্জ এলাকায় স্ত্রী ও তিন সন্তান নিয়ে বাস করতেন।
হাবিবুরের স্ত্রী জোছনা বেগম প্রথম আলোকে বলেন, ১৭ অক্টোবর দুপুরে এক ব্যক্তি হাবিবকে ফোন করে তিনি ফেসবুকে কী লিখেছেন, তা জানতে চান। হাবিব এ ব্যাপারে কোনো কিছু জানেন না বলে ফোন কেটে দেন। এরপর তিনি ব্যবসাপ্রতিষ্ঠান দনিয়ায় চলে যান। তিনি জানান, রাত নয়টার মধ্যে তিনি বাসায় ফিরে না আসায় ফোন করে দেখেন সেটি বন্ধ আছে। এর কিছুক্ষণ পর জানতে পারেন হাবিবকে সাদাপোশাকের অস্ত্রধারী লোকজন টেনেহিঁচড়ে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে গেছে।
হাবিবের ছোট ভাই আহসানউদ্দিন জানান, এ ঘটনা নিয়ে পরের দিন যাত্রাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। কিন্তু তারপরও কোনো খোঁজ না পাওয়ায় গত রোববার দুপুরে তাঁর বড় ভাই সানাউল্লাহ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে যাত্রাবাড়ী থানায় অপহরণ মামলা করেন।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অবনী শংকর কর প্রথম আলোকে বলেন কেরানীগঞ্জের যুবলীগ নেতা হাবিব অপহরণ ঘটনায় তাঁর বড় ভাই মো. সানাউল্লাহ বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজনের নামে অপহরণ মামলা দায়ের করেছেন। তাঁকে উদ্ধারে পুলিশি তৎপরতা অব্যাহত আছে।
তবে অপহৃতের পরিবার প্রথম আলোকে জানান, নয় দিন ধরে হাবিবের কোনো খোঁজ না পাওয়ায় তারা চিন্তিত। কেউ বলতে পারছেন না, আসলেই কী হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, ওই এলাকায় ক্ষমতাসীন দলের অভ্যন্তরীণ বিরোধ রয়েছে। ধারণা করা হচ্ছে, তার জের ধরেই হাবিবকে অপহরণ করা হয়েছে। তবে পরিবারে লোকজন এ ব্যাপারে কিছু জানাতে পারেনি।
কেরানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য ও যুবলীগের সাবেক সভাপতি মো. মুস্তাক হোসাইন হাবিবকে উদ্ধারে পুলিশকে আন্তরিক হওয়ার দাবি জানিয়েছেন।