কেরানীগঞ্জের ১০ শয্যার হাসপাতাল বেহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার কেরানীগঞ্জ উপজেলার কোন্ডা ইউনিয়নের আইন্তা এলাকার কোন্ডা ১০ শয্যা হাসপাতালে একজন চিকিৎসক এবং এক কর্মচারী ছাড়া কেউ নেই। হাসপাতালের পানি, বিদ্যুৎ ও গ্যাস–সংযোগও বিচ্ছিন্ন। ফলে এটি বেহাল অবস্থায় পড়ে আছে। এ হাসপাতালে বাড়ছে মাদকসেবীদের আনাগোনা।
২০০৬ সালের ৭ জুলাই এ হাসপাতাল নির্মাণ করা হয়। সম্প্রতি আইন্তা এলাকার ওই হাসপাতালে গিয়ে দেখা যায়, হাসপাতালের মূল ফটকের সামনে জন্ম নিয়েছে বড় বড় আগাছা। সেই গাছগুলো মাড়িয়ে হাসপাতালে ঢুকতে হয়। হাসপাতালের মূল ভবনে একটি টেবিল ও দুটি চেয়ার ছাড়া আর কোনো আসবাব নেই। সেখানে দুজন ফটকের কাছে চেয়ার–টেবিল নিয়ে বসে আছেন। তাঁরা হলেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আসিফ উদ দৌলা ও এমএলএস কর্মকর্তা আবদুর রাজ্জাক। আসিফ উদ দৌলা বলেন, সুযোগ-সুবিধা না থাকায় এখানে রোগী আসে খুব কম। এ ছাড়া হাসপাতালের ভবনগুলো দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এখানে সাপের উপদ্রব বাড়ছে। তিনি চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে এ হাসপাতালে সেবা দিচ্ছেন। তিনি সকাল আটটা থেকে বেলা আড়াইটা পর্যন্ত রোগী দেখেন। প্রতিদিন ৮-১০ জন রোগী আসেন। তাঁদের শুধু ব্যবস্থাপত্র লিখে দেওয়া হয়। এখানে ওষুধ সরবরাহ বন্ধ রয়েছে। হাসপাতালটি চালু করতে একাধিকবার তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্বাস্থ্য অধিদপ্তরে চিঠি দিয়েছেন। এর মধ্যে গত ২৫ জুন স্বাস্থ্য অধিদপ্তরের প্রকৌশলী আশুতোষ কর্মকার হাসপাতালটি পরিদর্শন করেছেন। রাজ্জাক বলেন, প্রতিদিন সকাল-সন্ধ্যায় এখানে মাদকসেবী ও সন্ত্রাসীদের আনাগোনা চলে। এ হাসপাতাল এখন ভুতুড়ে জায়গায় পরিণত হয়েছে। রোগীরা ভয়ে এখানে আসেন না। গ্যাস, বিদ্যুৎ ও পানি নেই। তাঁদের দুজনের বাথরুমে যাওয়ার সুযোগও নেই। সকাল থেকে দুপুর পর্যন্ত তাঁরা এখানে থাকেন। তাঁরা চলে গেলে এখানে নানা রকম অপকর্ম চলে। বিষয়টি একাধিকবার থানা-পুলিশকে জানানো হয়েছে। এদিকে মূল ভবন, চিকিৎসকদের আবাসন এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের আবাসন ভবনের বেশির ভাগ জানালার গ্রিল নেই। দরজাগুলোও ভাঙা। চিকিৎসকদের ও কর্মচারীদের ভবনের প্রায় প্রতিটি কক্ষে গাঁজা, সিগারেটের খোসা, প্লাস্টিক, কাগজ, ম্যাচের খোসা, অসংখ্য সিগারেটের প্যাকেট ও ইনজেকশনের সিরিঞ্জ দেখা যায়।
কোন্ডা ইউপির ১ নম্বর ওয়ার্ডের সদস্য আমির হোসেন বলেন, ওই হাসপাতাল এখন সন্ত্রাসী ও মাদকসেবীদের আখড়া। হাসপাতালটি চালু হলে একদিকে রোগীরা সেবা পাবে, অন্যদিকে মাদকসেবী ও সন্ত্রাসীদের উৎপাত কমে যাবে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইউনূস আলী বলেন, বাজেট বরাদ্দ হওয়ায় হাসপাতালটি চালু করার প্রক্রিয়া শুরু হয়েছে।