কেরালায় গ্রেপ্তার বাংলাদেশি কিশোরী দেশের পথে
ভারতের কেরালা রাজ্যে অবৈধভাবে অবস্থানের দায়ে গ্রেপ্তার বাংলাদেশি কিশোরীকে আজ সোমবার ভোরে দেশে ফেরত পাঠিয়েছে ভারত সরকার। পশ্চিমবঙ্গের হাওড়া থেকে যশোর স্থলবন্দর দিয়ে তাকে বাংলাদেশে আনা হবে। তার সঙ্গে এক সেবাদানকারী এবং নিরাপত্তার জন্য পুলিশের সদস্য ও তিন ব্যক্তি রয়েছেন।
দ্য হিন্দুর খবরে জানানো হয়, পাচারকারীদের কবলে পড়ে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার পর ওই কিশোরী যৌন নিপীড়নের শিকার হয় বলে দাবি করেছে কেরালার মানবাধিকার ফোরাম ‘পুনার্জানি’। বর্তমানে মেয়েটি অন্তঃসত্ত্বা। রাজ্যে অবৈধভাবে অবস্থানের অভিযোগে গত মে মাসে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে ও রিমান্ডে নেয়। গ্রেপ্তারের সময় মেয়েটির বয়স ২০ বৎসর বলে উল্লেখ করে পুলিশ। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়।
তবে কেরালা রাজ্যের আইনজীবীদের সমন্বয়ে গঠিত মানবাধিকার ফোরাম পুনার্জানি প্রমাণ করতে সক্ষম হয় যে, মেয়েটি প্রাপ্তবয়স্ক নয়, কিশোরী। এরপর তাঁকে কারাগার থেকে কিশোর সংশোধনকেন্দ্রে নেওয়া হয়।
পুনার্জানি রাজ্য পুলিশের বিরুদ্ধে অভিযোগ আনে, শারীরিক নির্যাতনের শিকার ওই কিশোরীর বিষয়ে যথাযথ ব্যবস্থা নেয়নি পুলিশ। এ ছাড়া ওই কিশোরীর ওপর যাঁরা শারীরিক নির্যাতন চালিয়েছে, সেসব ব্যক্তিকে শনাক্ত করতে পুলিশ যথাযথভাবে খতিয়ে দেখেনি।
পুনার্জানির হস্তক্ষেপের কারণে দীর্ঘ আমলাতান্ত্রিক জটিলতার পর কিশোরীটি কারাগার থেকে মুক্ত হয়ে আজ দেশের পথে। তার বিরুদ্ধে করা সব মামলা প্রত্যাহার করা হবে বলে ভারত সরকার জানিয়েছে।
পুনার্জানির প্রধান স্বপ্না পি পরমেশ্বরাথ বলেন, কিশোরীটি যাতে কেরালা রাজ্য সরকারের কাছ থেকে যথাযথ ক্ষতিপূরণ পায়, এ বিষয়ে তাঁদের ফোরাম সর্বোচ্চ চেষ্টা করবে।