কেরোসিন ঢেলে তরুণীর গায়ে আগুন
ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ উপজেলায় গতকাল মঙ্গলবার আগুনে রেখা বেগম (১৮) নামের এক তরুণীর শরীরের ৪০ শতাংশ ঝলসে গেছে। মেহেদী হাসান (২২) নামের স্থানীয় এক যুবক তাঁর গায়ে কেরোসিন ঢেলে আগুন দেন বলে অভিযোগ করেছে রেখার পরিবার।
রেখা উপজেলার চরচারতলার গ্রামের দিনমজুর মোস্তফা মিয়ার মেয়ে। পরিবারের অভিযোগ, গ্রামের বাকি মিয়ার ছেলে মেহেদীর সঙ্গে রেখার সাত বছর ধরে প্রেম ছিল। সম্প্রতি রেখা তাঁকে বিয়ের প্রস্তাব দেন। এর জের ধরেই এ ঘটনা।
স্থানীয় লোকজন ও পরিবার সূত্রে জানা গেছে, মেহেদী কেরোসিনভর্তি বোতল নিয়ে গতকাল বেলা ১০টার দিকে রেখাদের বাড়িতে যান। এ সময় রেখার মা-বাবা বাড়িতে ছিলেন না। রেখা বাড়ির পেছনে কাজ করছিলেন। এ সুযোগে রেখার শরীরে কেরোসিন ঢেলে আগুন দিয়ে পালিয়ে যান মেহেদী। পরে স্থানীয় লোকজন পানি ঢেলে আগুন নেভায়। এরপর রেখাকে প্রথমে আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থা সংকটাপন্ন হওয়ায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আজহারুর রহমান তাঁকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। এরপর সন্ধ্যায় তাঁকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়।
চিকিৎসক আজহারুর রহমান প্রথম আলোকে বলেন, মেয়েটির শরীরের প্রায় ৪০ শতাংশ পুড়ে গেছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক।
গতকাল বিকেলে সরেজমিনে হাসপাতালে দেখা যায়, রেখা যন্ত্রণায় কাতরাচ্ছেন। তাঁর পিঠ, মুখমণ্ডল, হাতসহ বিভিন্ন অংশ ঝলসে গেছে। রেখা প্রথম আলোকে বলেন, মেহেদীই কেরোসিন ঢেলে তাঁর শরীরে আগুন লাগিয়ে দিয়েছেন।