যশোরের কেশবপুরের সাগরদাঁড়িতে মধুমেলায় অশ্লীল নৃত্য ঠেকাতে ব্যর্থতার কারণে পুলিশের দুই উপপরিদর্শককে (এসআই) প্রত্যাহার করা হয়েছে। গতকাল রোববার দুজনকে প্রত্যাহার করে যশোর পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।
ওই পুলিশ কর্মকর্তারা হলেন কেশবপুর থানার এসআই শাহাদাত হোসেন ও দীপক কুমার দত্ত। পুলিশ সূত্র জানায়, শুক্রবার থেকে শুরু হওয়া মধুমেলার আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে ছিলেন এসআই শাহাদাত ও দীপক। কিন্তু মেলার বিভিন্ন প্যান্ডেলে অশ্লীল নৃত্য ঠেকাতে দুই কর্মকর্তা যথাযথ দায়িত্ব পালন করতে পারেননি।
স্থানীয় দুজন বাসিন্দা বলেন, মেলার বিভিন্ন প্যান্ডেলে অশ্লীল নৃত্য দেখানো হচ্ছে। ওই নৃত্য দেখতে তরুণেরা প্যান্ডেলে ভিড় করছেন। এতে মেলাকে ঘিরে স্থানীয় মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হচ্ছে। যাত্রাপালার প্যান্ডেলেও এ ধরনের নৃত্যের অভিযোগ পাওয়া গেছে।
যশোর পুলিশের মুখপাত্র ও সহকারী পুলিশ সুপার মীর সাফিন মাহমুদ বলেন, মেলায় অশ্লীলতা ঠেকানোর দায়িত্ব পালনে গাফিলতির কারণে দুই এসআইকে প্রত্যাহার করা হয়েছে।
জানতে চাইলে কেশবপুরের ইউএনও শরীফ রায়হান কবির বলেন, মেলায় অশ্লীল নৃত্য ও জুয়ার বিষয়ে অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতিমধ্যে একটি জুয়ার বোর্ড বন্ধ করে ২০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।