কেশবপুরে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ২৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুর উপজেলায় গতকাল শনিবার আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। এ সময় দুটি বাড়িতে ভাঙচুরের ঘটনাও ঘটে।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও গৌরীঘোনা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান সিদ্দিকুর রহমান ও গৌরীঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান গত ইউপি নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থীর কাছে হেরে যান।
এরপর থেকে সিদ্দিকুর ও হাবিবুর পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলছিল। গৌরীঘোনা ইউনিয়নের ভেরচী বাজারে গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে হাবিবুরের সমর্থক তপু সরদারের পায়ের কাছে একটি বাজি ফোটে।
এ সময় তপুর পায়ের কাছে কে বাজি ফুটিয়েছে এ বিষয়ে আওয়ামী লীগের কর্মী মাহাবুবুর রহমান ওই হাটের ইজারাদার ও সিদ্দিকুরের সমর্থক আকবর হোসেন ও সোহেল হোসেনের কাছে জানতে চান। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।
ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন। তাঁদের মধ্যে গুরুতর অবস্থায় নয়জনকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ সময় দুটি বাড়িতে ভাঙচুর করা হয়। এ ছাড়া শওকত সরদার নামের এক ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
সিদ্দিকুর রহমান বলেন, ভেরচী হাটের ইজারা নিয়ে হাবিবুরের লোকেরা আমার লোকদের ওপর বিভিন্ন সময়ে নির্যাতন চালিয়ে যাচ্ছেন। তবে হাবিবুর বলেন, হাট নিয়ে কোনো সমস্যা নেই, মূলত ইউপি নির্বাচনকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দীন বলেন, সংঘর্ষ থামাতে দুটি ফাঁকা গুলি ছোড়া হয়। ভেরচী বাজারসহ আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে।