কেশবপুরে আরও একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুরে শিশু শরিফুল ইসলামকে বিষ খাইয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলার আসামি আবু তাহেরের স্ত্রী রহিমা বেগমকে (৪০) পুলিশ গ্রেপ্তার করেছে। এদিকে গ্রেপ্তার করা শামছুর রহমানকে এক দিনের রিমান্ডে এনে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে।

এ মামলার তদন্তকারী কর্মকর্তা কেশবপুর থানার উপপরিদর্শক (এসআই) তারিকুল ইসলাম বলেন, গত শনিবার রাতে রহিমা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে গতকাল রোববার যশোর আদালতে পাঠানো হয়েছে। শামছুর রহমানকে এক দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। প্রাথমিকভাবে রহিমা বেগম এ ঘটনার সঙ্গে জড়িত বলে জানা গেছে।

চুরির অভিযোগ তুলে দোকানকর্মচারী শিশু শরিফুল ইসলামকে (১২) বিষ খাইয়ে হত্যা করা হয়েছে বলে তার পরিবার অভিযোগ করে। বাবা এলাহী বক্স সরদারের ভাষ্যমতে, শহরের শষ্যবীজের দোকান হাবীব সিড স্টোরের মালিক আবু তাহের গত সোমবার সকালে মুঠোফোন চুরির অভিযোগে কর্মচারী শরিফুলকে বাড়িতে ডেকে মারধর করেন। এলাহী বক্সের অভিযোগ, শিশুটির অবস্থা আশঙ্কাজনক হলে মুখে বিষ ঢেলে দেওয়া হয়। তাহেরের দুই ছেলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সন্ধ্যার পরে খবর দেওয়া হলে স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি ছেলেকে মৃত অবস্থায় পান।

এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে কেশবপুর থানায় মামলা করেন। এ পর্যন্ত পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।