কেশবপুরে কমিটি গঠন নিয়ে বিরোধ, আ.লীগ কার্যালয়ে তালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চারটি ইউনিয়নে কমিটি গঠন করাকে কেন্দ্র করে যশোরের কেশবপুর উপজেলা আওয়ামী লীগে বিভক্তি দেখা দিয়েছে। এর জেরে গতকাল সোমবার সকালে এক পক্ষ দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, উপজেলা আওয়ামী লীগের এক পক্ষের নেতৃত্বে রয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক ও দলের পৌর কমিটির নির্বাহী কমিটির সদস্য পৌর মেয়র রফিকুল ইসলাম মোড়ল। অপর পক্ষের নেতৃত্ব দিচ্ছেন উপজেলা কমিটির সভাপতি এস এম রুহুল আমিন ও সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা।
সরকারি এক আদেশ অনুযায়ী, প্রশাসনিক সুবিধার জন্য সম্প্রতি উপজেলার ত্রিমোহিনী ইউনিয়ন ভেঙে সাতবাড়িয়া এবং বিদ্যানন্দকাঠি ইউনিয়নকে ভেঙে হাসানপুর ইউনিয়ন করা হয়েছে। এই চারটি ইউনিয়নে নতুন করে কমিটি করার প্রয়োজন হওয়ায় গত শনিবার উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন এবং সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা চারটি ইউনিয়নে আহ্বায়ক কমিটি গঠন করেন।
কিন্তু ওই কমিটিকে দলীয় গঠনতন্ত্রপরিপন্থী দাবি করে পৌর মেয়র রফিকুলের নেতৃত্বে দলের একাংশ রোববার রাতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে নবগঠিত ইউনিয়ন কমিটি বাতিল করে উপজেলা সভাপতি ও সাধারণ সম্পাদকের অপসারণ দাবি করেন।
এ ব্যাপারে পৌরসভার মেয়র রফিকুল ইসলাম মোড়ল বলেন, ‘দলের কার্যনির্বাহী কমিটির সভা ছাড়াই সভাপতি ও সাধারণ সম্পাদক নিজস্ব লোকজন দিয়ে চারটি ইউনিয়নে আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছেন, যা দলের গঠনতন্ত্রবহির্ভূত। যে কারণে স্বেচ্ছাচারী সভাপতি ও সাধারণ সম্পাদকের অপসারণ দাবি করে আমরা বিক্ষোভ করেছি।’
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বলেন, ‘গঠনতন্ত্র অনুযায়ী সভাপতি ও সাধারণ সম্পাদক ক্ষমতাবলে ইউনিয়ন কমিটি গঠন করতে পারেন। এখানে গঠনতন্ত্রপরিপন্থী কিছু ঘটেনি।’ তিনি আরও বলেন, ‘একটি অংশ বিক্ষোভ দেখিয়ে দলীয় কার্যালয়ে তালা দিয়েছে। এ ঘটনায় আমরা থানায় লিখিত অভিযোগ দিয়েছি।’
লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।