কেশবপুরে কিশোরের গলাকাটা লাশ উদ্ধার
যশোরের কেশবপুর উপজেলার ভান্ডারখোলা গ্রামের পটল খেত থেকে বিল্লাল হোসেন (১৬) নামের এক কিশোরের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহত বিল্লাল কেশবপুর উপজেলার হাসানপুর মুক্তিযোদ্ধা কারিগরি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল। তার বাবার নাম রেদওয়ান সরদার। বাড়ি ভান্ডারখোলা গ্রামে। এ ঘটনায় বিল্লালের বাবা রেদওয়ান সরদার বাদী হয়ে কেশবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
এ ব্যাপারে বিল্লালের বাবা রেজওয়ান সরদার সাংবাদিকদের জানান, শনিবার রাতে বিল্লাল তারাবি নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। রাতে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। সকালে পটল খেতে তাঁর ছেলের লাশ পাওয়া যায়।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘বিল্লালের ব্যবহৃত একটি দামি মুঠোফোন কয়েক দিন আগে চুরি হয়। পরে তার এক বন্ধুর কাছ থেকে ওই ফোনটি উদ্ধার হয়। বিষয়টি নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল। ওই বিরোধের জেরে বিল্লালকে হত্যা করা হয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।’