কেশবপুরে কীর্তনীয়া প্রদীপের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুরের দক্ষিণ গৌরীঘোনা গ্রামের কীর্তনীয়া প্রদীপ মল্লিক নিখোঁজ হওয়ার ১৩ দিন পর তাঁর লাশ উদ্ধার করেছে পুলিশ। বাড়ির পাশের বাগানের আমগাছ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।
কেশবপুর থানার পরিদর্শক (তদন্ত) শেখ মাসুদুর রহমান বলেন, ‘পরিবারের লোকদের কাছে খবর পেয়ে গতকাল শুক্রবার বেলা ১০টার দিকে বাড়ির পাশের একটি বাগানের আমগাছ থেকে ঝুলন্ত অবস্থায় প্রদীপের লাশ উদ্ধার করা হয়। লাশের গায়ে কোনো কাটা দাগ বা আঘাতের চিহ্ন ছিল না। লাশে কোনো পচনও ধরেনি।’
প্রদীপের বাবা বাসুদেব মল্লিক বলেন, ‘শুক্রবার ভোর ছয়টার দিকে প্রদীপের মা বিভা রাণী প্রথমে লাশটি দেখতে পান।
৪ জুন রাতে গৌরীঘোনা বাজার থেকে বাড়িতে ফেরার পথে নিখোঁজ হন প্রদীপ। প্রদীপ খুলনার ডুমুরিয়া উপজেলার স্বামী ভাস্কর আনন্দ মঠে কীর্তন করতেন। এ ছাড়া তিনি বিভিন্ন নামযজ্ঞ অনুষ্ঠানে কীর্তন করতেন। এ-সংক্রান্ত একটি খবর গত বৃহস্পতিবার প্রথম আলোয় ছাপা হয়।