কেশবপুরে গুলিতে যুবক নিহত, আরেকজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুর উপজেলায় গত বুধবার রাতে গুলিতে ইউনুস আলী নামের এক যুবক নিহত হয়েছেন। পুলিশের ভাষ্য, ডাকাতদের দুই পক্ষের মধ্যে গুলিতে তিনি নিহত হন। তবে তাঁর পরিবার বলছে, ইউনুস ডাকাত নন, পেশায় রিকশাচালক ছিলেন।

নিহত ইউনুসের (৪০) বাড়ি সাতক্ষীরার আশাশুনি উপজেলার মনিপুর গ্রামে। তাঁর ছোট ভাই ইয়াকুব আলী বৃহস্পতিবার বলেন, ইউনুস স্ত্রী ও ছেলেমেয়ে নিয়ে খুলনায় থাকতেন। সেখানে তিনি রিকশা চালাতেন। তাঁর ভাইয়ের বিরুদ্ধে কোনো মামলা নেই।

সাতক্ষীরার আশাশুনি থানার পরিদর্শক (তদন্ত) জুলফিকার আলী ইউনুসের বিরুদ্ধে থানায় মামলা না থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। 

কেশবপুর থানার ওসি সহিদুল ইসলামের ভাষ্যমতে, কেশবপুর-সাগরদাঁড়ি সড়কের চৌরাস্তা এলাকায় বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে গাছের গুঁড়ি ফেলে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একদল ডাকাত। এ সময় একদল টহল পুলিশ ঘটনাস্থলে গেলে গুলি ছোড়ে ডাকাতেরা। পুলিশ পাল্টা তিনটি ফাঁকা গুলি ছোড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে ইউনুস আলীকে গুলিবিদ্ধ অবস্থায় পড়তে থাকতে দেখে। তাঁকে যশোরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায় তারা। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল থেকে আশরাফুল (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে। তাঁর বাড়ি কেশবপুর উপজেলার দেউলি গ্রামে।

ওসি সহিদুল ইসলাম বলেন, ডাকাতদের দুই পক্ষের গুলিতেই ইউনুস আলী নিহত হয়েছেন। তাঁর বিরুদ্ধে কেশবপুর থানায় দুটি ডাকাতির ও একটি অপহরণ মামলা রয়েছে।

এদিকে আটক আশরাফুলের বাবা আব্বাস আলীঅভিযোগ করেন, বুধবার রাতে আশরাফুলকে পুলিশ বাড়ি থেকে আটক করে নিয়ে যায়। তাঁর ছেলের বিরুদ্ধে কোনো মামলা নেই।

অভিযোগের বিষয়ে জানতে পরে ওসি সহিদুলকে একাধিকবার ফোন দিলেও তিনি তা ধরেননি।