কেশবপুরে গৃহবধূকে পেটানোর ঘটনায় থানায় মামলা
যশোরের কেশবপুরে গৃহবধূ জেসমিন আক্তারকে বেধড়ক পেটানোর ঘটনায় গতকাল বৃহস্পতিবার মামলা করেছেন তাঁর মা। এতে জেসমিনের স্বামীসহ চারজনকে আসামি করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা কেশবপুর থানার উপপরিদর্শক (এসআই) তারিকুল ইসলাম বলেন, গৃহবধূ জেসমিনের (২৬) মা ফরিদা বেগম বাদী হয়ে গতকাল সকালে কেশবপুর থানায় একটি মামলা করেন। মামলায় জেসমিনের স্বামী শেখ আশানুরকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া আশানুরের বাবা শেখ মোহাম্মদ আলী, মা জোহরা বিবি ও প্রতিবেশী কাজী মিজানুর রহমানকে আসামি করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের অভিযান শুরু করেছে পুলিশ।
মামলার এজাহারে বলা হয়, বাবার বাড়ি থেকে জমি বিক্রি করে টাকা না আনায় জেসমিনকে নির্যাতন করেছেন তাঁর স্বামী ও তাঁর লোকজন।
কেশবপুরের বিষ্ণুপুর গ্রামের মৃত আবদুল গফুরের মেয়ে জেসমিনের সঙ্গে উপজেলার চিংড়া গ্রামের শেখ আশানুরের আট বছর আগে বিয়ে হয়। তখন যৌতুক হিসেবে আশানুরকে একটি মোটরসাইকেল কিনে দেওয়া হয়। জেসমিনের বাবা মারা যাওয়ার পরে উত্তরাধিকার সূত্রে জেসমিন কিছু জমি পান। সেই জমি বিক্রি করে টাকা না আনায় জেসমিনকে গত সোমবার রাতে ও মঙ্গলবার সকালে আশানুর হকিস্টিক দিয়ে বেধড়ক পেটান বলে অভিযোগ ওঠে। পুলিশ মঙ্গলবার জেসমিনকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।
এ নিয়ে গতকাল প্রথম আলোয় ‘কেশবপুরে হকিস্টিক দিয়ে গৃহবধূকে বেধড়ক পিটুনি’ শিরোনামে খবর প্রকাশিত হয়।