কেশবপুরে জোর করে মাছের ঘের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুর উপজেলার সোনাতলা মাঠে জমির মালিকদের অনুমতি ছাড়াই জোর করে মাছের ঘের করা হচ্ছে। কৃষকেরা বিভিন্ন জায়গায় অভিযোগ করার পরও এক্সকাভেটর দিয়ে মাটি কেটে বেড়িবাঁধ নির্মাণ অব্যাহত রয়েছে।
অভিযোগের সূত্রে জানা গেছে, উপজেলার ত্রিমোহিনী ইউনিয়নের বৃহত্তর ফসলি জমির মাঠ সোনাতলা। এই মাঠে তিন ধরনের ফসল হয়। এই মাঠে ঘেরমালিক সেলিম উজ-জামান ওরফে আসাদ মাছ চাষের জন্য বেড়িবাঁধ নির্মাণ করছেন। কৃষকেরা বলেন, এলাকার জমির মালিকদের অনিচ্ছা সত্ত্বেও একটি মহলের ইন্ধনে ওই মাঠে ঘের করা হচ্ছে। কৃষকেরা এই মাঠে ঘের করার প্রতিবাদে ১৮ জানুয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
গত শনিবার সরেজমিনে দেখা যায়, গোপালপুর আড়ুয়ার মাথা এলাকায় এক্সকাভেটর দিয়ে মাঠের মধ্য থেকে মাটি কেটে উঁচু করে বেড়িবাঁধ নির্মাণ করা হচ্ছে। আরেকটি এক্সকাভেটর থাকলেও সেটি কাজ করছে না। এখানে মাটি কাটার কারণে গোপালপুর চিংড়া রাস্তার পাশে খাল হয়ে গেছে। এখানে ঘেরমালিকের কর্মী বলে পরিচয় দিয়ে রঘুরামপুর গ্রামের আবদুল মান্নান বলেন, ‘বিঘাপ্রতি ২০ হাজার টাকা হারি দিয়ে আসাদ ভাই ঘের করছেন। কাউকে জোর করে বা বলপ্রয়োগে জমি নেওয়া হচ্ছে না।’
সরাপপুর গ্রামের রফিকুল ইসলাম অভিযোগ করেন, এই মাঠে আসাদ জোর করে মাছের ঘের তৈরি করছেন। তাঁর এখানে ১০ কাঠা জমি রয়েছে। ঘেরমালিক ঘের করতে তাঁদের কোনো অনুমতি নেননি। একই গ্রামের আবুল হোসেন খান (৬৫) বলেন, তাঁর জমির ওপর দিয়ে বেড়িবাঁধ করার প্রতিবাদ করায় গত শুক্রবার ঘেরমালিকের মাস্তানেরা তাঁকে ও তাঁর ছেলে আজিজুর রহমানকে মারপিট করে। পরে জোরপূর্বক রাতে তুলে নিয়ে গিয়ে অনুমতিপত্রে তাঁদের স্বাক্ষর নেয়।
ভালুকঘর গ্রামের কৃষক বিল্লাল হোসেন বলেন, এই ঘেরের মধ্যে তাঁর তিন বিঘা জমি রয়েছে। ঘের করার প্রতিবাদ করলেই ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাবেক ইউনিয়ন সভাপতি আনিছুর রহমান লোকজন দিয়ে জমির মালিকদের পেটাচ্ছেন। শ্রীরামপুর গ্রামের মনছুর আলী বলেন, তাঁর এক বিঘা জমি রয়েছে। রঘুরামপুর গ্রামের জামরুল, কালাম ও গাজী জাহাঙ্গীর ঘেরমালিকের পক্ষে ভয়ভীতি দেখাচ্ছেন এবং মানুষকে মারধর করছেন। শফিকুল ইসলাম বলেন, রাতের বেলায় পুলিশের পরিচয়ে ঘেরে জমি দেওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে।
শ্রীরামপুর গ্রামের কার্তিক চন্দ্র সাহা ও সুভাষ চন্দ্র সাহা বলেন, ঘেরের মধ্যে তাঁদের পাড়া ও কুণ্ডুপাড়ার বেশি জমি আছে। তাঁদের ভয়ভীতি দেখানো হচ্ছে জমি দেওয়ার জন্য।
এলাকাবাসী সূত্র জানায়, সোনাতলা মাঠে ১ হাজার বিঘা জমি আছে। এর মধ্যে ২০০ বিঘা জমিতে মাছের ঘের করার জন্য গোপালপুর আড়ুয়ার মাথা থেকে শ্রীরামপুর কুণ্ডুপাড়া পর্যন্ত বেড়িবাঁধ দিয়ে ঘিরে ফেলা হয়েছে। এই ঘের তৈরি হলে শ্রীরামপুর, গোপসেনা, গোপালপুর, মির্জানগর ও সরাপপুর গ্রামের বৃষ্টির পানি সরতে পারবে না এবং এ কারণে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা দেখা দিতে পারে। তাঁরা বলেন, থানা ও প্রশাসনের বিভিন্ন স্তর ও জনপ্রতিনিধিদের কাছে লিখিত অভিযোগ করেও কোনো লাভ হচ্ছে না।
কেশবপুরের নাগরিক সমাজের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিকী বলেন, ঘের সিন্ডিকেটের কারণে সাধারণ কৃষকেরা জিম্মি হয়ে পড়েছেন। নিরীহ কৃষকদের বিশেষ করে সংখ্যালঘু কৃষকদের জমি রক্ষায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
কেশবপুর থানার ওসি সহিদুল ইসলাম বলেন, ইউএনওর দেওয়া অভিযোগটি এসআই নাজিম উদ্দীনের কাছে দেওয়া হয়েছে। নাজিম উদ্দীন বলেন, উভয় পক্ষ বসে মীমাংসা করেছে। যাঁরা জমি দিতে চাননি, তাঁরা পরবর্তী সময়ে হারির টাকা নিয়েছেন। পুলিশ পরিচয়ে হুমকি দিয়ে ঘেরে জমি দিতে বলা হচ্ছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কোন পুলিশ কাকে হুমকি দিচ্ছে, জানালে ব্যবস্থা নেওয়া হবে।
সেলিম উজ-জামান বলেন, ওখানকার ১৭৮ জন জমির মালিক দলিলে স্বাক্ষর করে সম্মতি দিয়েছেন। জমির জন্য এ পর্যন্ত ৭০ লাখ টাকা হারি দেওয়া হয়েছে। দু-একজন জমির মালিকের বিরোধিতা থাকতে পারে। কাউকে হুমকি বা মারপিট করা হচ্ছে না বলে দাবি করে তিনি বলেন, কারও কারও সঙ্গে কথা-কাটাকাটি হতে পারে। যাঁরা জমি দেননি তাঁদের হারি দিয়েছেন ত্রিমোহিনী ইউপির চেয়ারম্যান। এখন এ ব্যাপারে কোনো সমস্যা নেই।
ত্রিমোহিনী ইউপির চেয়ারম্যান আনিছুর রহমান বলেন, ‘যাঁরা ঘেরে জমি দিতে চান, তাঁদের টাকা পাওয়ার ব্যবস্থা করে দিয়েছি। এ ছাড়া আমার কোনো ভূমিকা নেই।’ তাঁর লোকদের দিয়ে মানুষকে মারপিটের অভিযোগ তিনি অস্বীকার করেন।
ইউএনও শরীফ রায়হান কবির বলেন, ‘এলাকার মানুষের অভিযোগ পেয়ে লিখিতভাবে থানার ওসিকে ঘেরের বেড়িবাঁধ নির্মাণ না করার জন্য নির্দেশ দিয়েছি। স্থানীয় তহশিলদার দিয়ে জমির মালিকেরা জমি ঘেরে দিয়েছেন কি না, তা তদন্ত করে প্রতিবেদন দিতে বলেছি। প্রতিবেদন পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’