কেশবপুরে দরপত্রে অনিয়মের অভিযোগ
যশোরের কেশবপুর পৌরসভার দরপত্রে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। শিডিউল উন্মুক্ত করার পর উন্মুক্তকরণপত্র উপস্থিত ঠিকাদারদের দেওয়ার বিধান থাকলেও তা দেওয়া হয়নি।
পৌরসভা সূত্রে জানা গেছে, নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় শহরের মধ্যে প্রায় তিন কিলোমিটার পিচের রাস্তা তৈরির জন্য এক কোটি ৩০ লাখ টাকার দরপত্র আহ্বান করা হয়। গত বৃহস্পতিবার বেলা একটায় দরপত্র দাখিলে শেষ সময় ছিল। বেলা তিনটায় ছিল শিডিউল উন্মুক্ত করার সময়।
ঠিকাদারদের অভিযোগ, কতজন ঠিকাদার কত টাকার দরপত্র ফেলেছেন তা ঘোষণা না দিয়ে উন্মুক্তপত্র লিখে চলে যাওয়ার সময় উপস্থিত ঠিকাদারেরা কপি চাইলে তা দেওয়া হয়নি। দরপত্রে অংশ নেওয়া ঠিকাদার রামকৃষ্ণ দত্ত জানান, তিনি উন্মুক্তপত্র চাইলে তাঁকে নির্বাহী প্রকৌশলী জানান উন্মুক্তপত্র গোপনীয় বিষয়, এটি কাউকে দেওয়া যাবে না। সেখানে উপস্থিত অপর ঠিকাদার আযহার উদ্দীন বলেন, উন্মুক্তপত্র যেহেতু ঠিকাদারদের দেওয়া হয়নি, সেহেতু নির্বাহী প্রকৌশলীর পছন্দের কাউকে সর্বনিম্ন দরদাতা বানিয়ে কাজ তাকে দিয়ে দেওয়া হবে বলে তাঁরা মনে করছেন। এতে কোনো ঠিকাদার সর্বনিম্ন দরদাতা হয়েও কাজ থেকে বঞ্চিত হবেন। ঠিকাদারেরা মনে করেন পৌরসভা নিয়ম লঙ্ঘন করেছে। এতে বড় ধরনের দুর্নীতি হবে।
কেশবপুর উপজেলা প্রকৌশলী আখতারুজ্জামান বলেন, উন্মুক্তপত্র সবার সামনে লিখে উপস্থিত সবার স্বাক্ষর করাতে হবে। আর কেউ যদি উন্মুক্তপত্র চান তাহলে তা সরবরাহ করার নিয়ম রয়েছে। তবে কেশবপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী আলী হায়দার দাবি করেন, উপস্থিত কেউ উন্মুক্তপত্র চাননি। এটি গোপনীয় বলার প্রশ্নই ওঠে না। দরপত্রে অনিয়মের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেন তিনি।