কেশবপুরে পল্লী বিদ্যুতের সংযোগ দিতে টাকা নেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুরে পল্লী বিদ্যুতের নতুন গ্রাহক হতে গিয়ে সাধারণ মানুষ প্রতারণার শিকার হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। সাধারণ গ্রাহকদের সরলতার সুযোগে প্রতারক চক্র একই বাড়িতে দুটি মিটার বোর্ড লাগিয়ে দিচ্ছে। কেউ কেউ বিদ্যুতের খুঁটি, তার কিছুরই খোঁজ নেই অথচ আগেভাগেই ওয়্যারিং করার কথা বলে টাকা হাতিয়ে নিচ্ছে।
কেশবপুর পল্লী বিদ্যুতের জোনাল অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় ২৭৫ কিলোমিটার নতুন বিদ্যুতায়নের কাজ চলছে। এই কাজ শেষ হলে কেশবপুর উপজেলার প্রতিটি বাড়িতে বিদ্যুৎ–সংযোগ দেওয়া সম্পন্ন হবে।
সরেজমিনে গত বৃহস্পতিবার উপজেলার সরাপপুর, বারুইহাটি, কাস্তা গ্রামে গিয়ে দেখা গেছে, বিদ্যুৎ আসবে বলে সবার মনে অন্য রকম আনন্দ বিরাজ করছে। গরমে বৈদ্যুতিক পাখা ঘুরবে, শিশুদের মধ্যে বৈদ্যুতিক আলোয় পড়তে পারবে বলে খুশি বইছে। তবে বিদ্যুতের কাজ শুরু হওয়া নিয়ে নানা সন্দেহ আর হতাশা রয়েছে।
এই হতাশাকে কাজে লাগাচ্ছে গ্রাম্য কিছু টাউট ও দালাল প্রকৃতির লোক। তারা উপযাচক হয়ে গ্রাহকদের কাছে গিয়ে দ্রুত বিদ্যুৎ এনে দেওয়ার কথা বলে অথবা বৈদ্যুতিক ওয়্যারিং করে দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নিচ্ছে।
সরাপপুর গ্রামের উত্তরপাড়ায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বললে তাঁরা জানান, তাঁদের গ্রামে খুব তাড়াতাড়ি বিদ্যুৎ আসবে। এতটা নিশ্চিত হওয়ার কারণ কী জানতে চাইলে একজন গৃহবধূ বলেন, ‘আমাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে।’ এখানকার শেখর মল্লিক জানান, পল্লী বিদ্যুতের পরিচালক সবুর বিশ্বাসকে গ্রাহকপ্রতি তিন হাজার টাকা দিতে হয়েছে। এই পাড়ায় ২৬টি মিটার সংযোগ দেওয়া হবে। বারুইহাটি গ্রামে রুহুল আমিন নামে একজন কৃষক জানান, দ্রুত বিদ্যুৎ পেতে মিটারপ্রতি চার হাজার টাকা করে দিয়েছেন। বারুইহাটি খাঁ পাড়ায় ১১টি খুঁটি এবং ৩৯টি মিটারের জন্য ওই টাকা আদায় করা হয়েছে। বারুইহাটি দাসপাড়ার ইন্দু ভূষণ দাস বলেন, ২২টি মিটারের জন্য এককালীন তিন হাজার টাকা করে সবুজ নামে এক ইলেকট্রেশিয়ানকে দিয়েছেন। এ পাড়ায় ২২টি মিটার সংযোগ দেওয়া হবে। এ গ্রামে বৈদ্যুতিক খুঁটি এখনো পোঁতা হয়নি। ভালুকঘর সরদার পাড়ার আয়ুব আলী জানান, তিনি দিনমজুরি করেন। তাঁর বাড়িতে সাতবাড়িয়া গ্রামের প্রথমে ইউসুফ এবং পরে আবদুস সবুরের লোকেরা দুটি মিটার বোর্ড লাগিয়ে দিয়ে গেছে। তিন হাজার করে টাকা দিতে হবে। কিন্তু কার কাছ থেকে বিদ্যুৎ নিতে হবে, তা তিনি বুঝতে পারছেন না।
পল্লী বিদ্যুতের পরিচালক আবদুস সবুর বলেন, ‘কোনো টাকাপয়সা নেওয়ার সঙ্গে আমার সম্পর্ক নেই। তবে মাপের সময় প্রকৌশলীরা এলে তাঁদের যাতায়াত খরচ বা নাশতার জন্য সকলের কাছ থেকে এক–আধ হাজার টাকা দেওয়া হয়েছে।’
কেশবপুর পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক সিদ্দিকুর রহমান বলেন, বিদ্যুতের সংযোগ পেতে অথবা দ্রুত পেতে কোনো টাকাপয়সার প্রয়োজন হয় না। যদি এভাবে গ্রাহকদের প্রতারণা করে টাকা নেওয়ার অভিযোগ পাওয়া যায়, তদন্ত করে দেখা হবে। তবে ইতিমধ্যে কাউকে কোনো টাকা না দেওয়ার জন্য সচেতনতা সৃষ্টি করতে মাইকিং করা হয়েছে।