আজ বুধবার ছিল শ্রাদ্ধ অনুষ্ঠান। আগামী ৫ ফেব্রুয়ারি বিয়ে। এ জন্য রাখা ছিল চার লাখ টাকা। আত্মীয়রা এসেছিলেন বেড়াতে। নারীদের কাছে ছিল ১৭ ভরি সোনার অলংকার। গত সোমবার রাতে পুলিশ পরিচয়ে বাড়িতে ঢুকে এসব ছিনিয়ে নিয়ে পালিয়েছে ডাকাতেরা।
যশোরের কেশবপুরের ভালুকঘর গ্রামে প্রয়াত সুনীল সরকারের বাড়িতে ওই ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার একজনকে আটক করেছে পুলিশ। সুনীল সরকারের ছেলে সুকান্তসরকার বলেন, সোমবার দিবাগত রাত একটার দিকে পুলিশ পরিচয় দিয়ে ১৫-২০ জনের সশস্ত্র একদল লোক বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়।
ইউএনও শরীফ রায়হান কবির, উপজেলা পরিষদের চেয়ারম্যান এইচ এম আমির হোসেন ও কেশবপুর থানার ওসি সহিদুল ইসলাম বেলা একটার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় ওসি বলেন, ডাকাতির ঘটনায় আমিনুল ইসলাম নামের একজনকে আটক করা হয়েছে। তাঁর বাড়ি ভালুকঘর গ্রামে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।