কেশবপুরে বিএনপি-আ.লীগের কার্যালয়ে পাল্টাপাল্টি হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুর উপজেলায় বিএনপি ও আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে পাল্টাপাল্টি হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। বিএনপির দলীয় ও নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর, হামলা, ভোটারদের ভয় দেখানোর অভিযোগ করেছেন মেয়রপ্রার্থী। আওয়ামী লীগের ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়েও হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।

আজ রোববার দুপুরে শহরের থানার মোড় এলাকায় বিএনপির মেয়রপ্রার্থী আবদুস সামাদ বিশ্বাস সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে বলেন, তিনি চারবার কেশবপুর ইউনিয়নের চেয়ারম্যান এবং দুইবার কেশবপুর পৌরসভার মেয়র নির্বাচিত হন। তিনি সব সময় জনগণের ভোটে নির্বাচিত হন। এবারও তিনি মেয়র নির্বাচিত হবেন। এই জয় ঠেকানোর জন্য আওয়ামী লীগের প্রার্থী রফিকুল ইসলাম কেশবপুরকে অশান্ত করার চেষ্টা করছেন।

বিএনপির মেয়রপ্রার্থী আরও অভিযোগ করেন, গতকাল রাতে আওয়ামী লীগের সন্ত্রাসী কামরুল, সান্টু, তাজ, মাহাবুব ও ফারুক তাঁদের দলীয় ও নির্বাচনী কার্যালয়ে হামলা চালায়। এ ছাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দীনের বাড়িতে তাঁরা ইটপাটকেল ছোড়ে। ভোটারদের বাড়িতে গিয়ে হুমকি দেওয়া হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। বিএনপির ওয়ার্ড কাউন্সিলর মশিয়ার রহমান তাঁর কার্যালয়ে হামলা হয়েছে বলে অভিযোগ করেন।

প্রত্যক্ষদর্শী মোরশেদ আলী বলেন, সাত-আটজন দুর্বৃত্ত মুখ বেঁধে বিএনপির কার্যালয়ে ঢুকে ভাঙচুর চালায়। এ সময় কার্যালয় বন্ধ করার প্রস্তুতি চলছিল। এলাকার আরও কয়েকজন বলেন, তাঁরা বাসা থেকে রাত দুইটার দিকে চিৎকার শুনতে পান। সকালে দেখেন দলীয় কার্যালয়ের পাশে মেয়রপ্রার্থী আবদুস সামাদ বিশ্বাসের ধানের শীষের কার্যালয়টির অস্থায়ী প্যান্ডেল হেলে পড়ে আছে।

শহরের কালাবাসা মোড়ে আওয়ামী লীগ-সমর্থিত ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবু শাহীনের নির্বাচনী কার্যালয়ে গতকাল রাত আড়াইটার দিকে কে বা কারা ভাঙচুর চালায় বলে সেখানকার বাসিন্দারা জানান। একই সময়ে তাঁর পাশেই বিএনপি-সমর্থিত ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়েও ভাঙচুর চালানো হয়।

সরেজমিনে দেখা যায়, শহরের থানা মোড়ের বিএনপির এক অংশের কার্যালয়ের চেয়ার ও আসবাব ভাঙা অবস্থায় পড়ে আছে। কালাবাসা মোড়ের আওয়ামী লীগ-সমর্থিত ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আবু শাহীনের কার্যালয়ের টানানো কাপড়, পোস্টার ছেঁড়া অবস্থায় পড়ে আছে। পাশে বিএনপি-সমর্থিত ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মশিয়ার রহমানের কার্যালয়ের চালের দুটি টালি ভাঙা পড়ে আছে। শাহীন ও মশিয়ার পাল্টাপাল্টি অভিযোগ করে বলেন, নিজেরাই অফিস ভেঙে প্রতিপক্ষকে দোষ দেওয়া হচ্ছে।

এ ব্যাপারে আওয়ামী লীগের প্রার্থী রফিকুল ইসলাম বলেন, তাঁরা সন্ত্রাসী কার্যকলাপে বিশ্বাসী নন। বিএনপি নিজেদের কার্যালয় ভেঙে তাঁর ওপরে দোষ চাপিয়ে ভোটারদের সহানুভূতি আদায়ের চেষ্টা করছে।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ হয়নি। তবে পুলিশ বাদী হয়ে আটজনকে আসামি করে থানায় মামলা করেছে।

কেশবপুরের রিটার্নিং ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ রায়হান কবির বলেন, ‘নির্বাচনী ও দলীয় কার্যালয় ভাঙচুরের ব্যাপারে কোনো লিখিত অভিযোগ পাইনি।’