কেশবপুরে শিক্ষকের মাথা ফাটালেন ছাত্রলীগ নেতা!
যশোরের কেশবপুরে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে গত সোমবার সন্ধ্যায় এক স্কুলশিক্ষকের মাথা ফাটানোর অভিযোগ পাওয়া গেছে। ওই নেতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পৌর ছাত্রলীগের সদস্য আকাশ খান (২৩) ও তাঁর সহযোগী মধ্যকুল গ্রামের সাইফুল ইসলাম (২২); আলতাপোল গ্রামের রোকন উদ্দীন (২০) ও মনিরুল ইসলাম (২০)।
এদিকে মামলা প্রত্যাহার ও নেতা-কর্মীদের ছাড়িয়ে নেওয়ার দাবিতে রাত পৌনে ১১টার দিকে যুবলীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগের কর্মীরা শহরের ত্রিমোহিনী মোড়ে যশোর-সাতক্ষীরা প্রধান সড়ক অবরোধ করেন। তাঁরা টায়ার জ্বালিয়ে রাস্তায় যান চলাচল বন্ধ করে দেন। খবর পেয়ে লাঠিপেটা করে তাঁদের সড়ক থেকে সরিয়ে দেয় পুলিশ। এ ঘটনায় পুলিশ মামলা করেছে।
এজাহার সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শহরের পৌরসভা সড়কের একটি ক্লিনিকে ঢোকার রাস্তায় পৌর ছাত্রলীগের সদস্য আকাশ খান কয়েকজন সঙ্গী নিয়ে মোটরসাইকেলের ওপর বসে ছিলেন। এ সময় উপজেলার দোরমুঠিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কে এম ফিরোজ সুলতানের সঙ্গে তাঁর বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে ফিরোজকে কিল-ঘুষি মারা হয়। একপর্যায়ে সেভেন আপারে কাচের বোতল দিয়ে তাঁর মাথায় আঘাত করলে মাথা ফেটে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম বলেন, মারধরের ঘটনায় শিক্ষক ফিরোজ সুলতানের ভগ্নিপতি মশিউর রমান বাদী হয়ে চারজনকে আসামি করে মামলা করেন। এ ছাড়া কেশবপুর থানার উপপরিদর্শক (এসআই) শাহজাহান আলী বাদী হয়ে রাস্তা অবরোধ ও টায়ারে আগুন জ্বালিয়ে নাশকতার আরেকটি মামলা করেন।