কেশবপুরে শ্রমিককে পিটিয়ে খুন
যশোরের কেশবপুরে মির্জাপুর গ্রামে মাছের আড়তের এক শ্রমিক খুন হয়েছেন। তাঁকে বাঁশ দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে কেশবপুর থানায় একটি মামলা করা হয়েছে। পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।
থানা-পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কেশবপুর উপজেলার কুশলদিয়া গ্রামের গোপাল গাজীর ছেলে সুমন গাজী ওরফে সনু (৩০) পার্শ্ববর্তী গ্রাম মির্জাপুরের হামিদ সরদারের ছেলে বেল্লাল সরদারের সঙ্গে কেশবপুর শহরের মাছের আড়তে শ্রমিকের কাজ করতেন। গত রোববার রাত আটটার দিকে বেল্লালের স্ত্রী তানিয়া খাতুন সুমন গাজীকে বাড়িতে মুঠোফোনে ডেকে নেন। এ সময় বেল্লাল তাঁর মাথায় বাঁশের লাঠি দিয়ে বাড়ি দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। এলাকার লোকেরা বেল্লালের স্ত্রীর সঙ্গে সুমনের সম্পর্ক ছিল বলে জানিয়েছেন।
সুমনের চাচাতো ভাই যাদব মণ্ডল বলেন, মাছের আড়তের টাকার লেনদেন নিয়ে বিরোধের কারণে সুমনকে খুন করা হয়েছে।
কেশবপুর থানার উপপরিদর্শক (এসআই) তরিকুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে নিহত ব্যক্তির ভাই মঙ্গল গাজী বাদী হয়ে কেশবপুর থানায় মামলা করেছেন। মামলায় বেল্লাল হোসেন, তাঁর স্ত্রী তানিয়া খাতুন, ভাই হেলাল হোসেন, মা রাশিদা বেগমকে আসামি করা হয়েছে। বেল্লালের স্ত্রী তানিয়া খাতুনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ব্যাপারে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বেল্লালের স্ত্রীর সঙ্গে সুমন গাজীর সম্পর্ক ছিল বলে সন্দেহ করে তাঁকে মারা হয়েছে। তদন্ত না করে কিছুই বোঝা যাচ্ছে না। তবে মামলায় টাকাপয়সা লেনদেনের কারণ উল্লেখ করা হয়েছে।