কেশবপুরে হকিস্টিক দিয়ে গৃহবধূকে বেধড়ক পিটুনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুরে এক গৃহবধূকে তাঁর স্বামী হকিস্টিক দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁর অভিযোগ, বাবার বাড়ির জমি বিক্রি করে টাকা না আনায় এভাবে নির্যাতন চালানো হয়।
ওই নারীর নাম জেসমিন আক্তার (২৬)। তিনি উপজেলার বিষ্ণুপুর গ্রামের মৃত আবদুল গফুরের মেয়ে। জেসমিনকে গত মঙ্গলবার উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে পুলিশ।
পারিবারিক সূত্রে জানা গেছে, জেসমিনের সঙ্গে চিংড়া গ্রামের বন্দেপাড়ার শেখ মোহাম্মদ আলীর ছেলে শেখ আশানুরের আট বছর আগে বিয়ে হয়। তখন আশানুরকে যৌতুক হিসেবে একটি মোটরসাইকেল কিনে দেন জেসমিনের বাবা গফুর। তিনি মারা যাওয়ার পর উত্তরাধিকার সূত্রে কিছু জমি পেয়েছেন জেসমিন। সেই জমি বিক্রি করে টাকা আনতে জেসমিনকে সম্প্রতি চাপ দেওয়া শুরু করেন আশানুর। তাতে রাজি না হওয়ায় নির্যাতন শুরু হয়।
হাসপাতালে চিকিৎসাধীন জেসমিন বলেন, প্রথমে সোমবার রাতে তাঁকে মারধর করেন আশানুর। এরপর তাঁকে ভারতে নিয়ে গিয়ে বিক্রি করে দেওয়ার হুমকি দেন। ফলে তিনি রাতে গোপনে বাবার বাড়ি চলে আসার চেষ্টা করেন। এ সময় পথ থেকে তাঁকে ধরে এনে নির্যাতন চালান আশানুর। মঙ্গলবার সকালে আবার মারধর করা হয়। হকিস্টিক দিয়ে তাঁর পিঠে ও পায়ের বিভিন্ন অংশে পেটানো হয়েছে। পাশাপাশি তাঁর পেটে লাথি মারেন আশানুর। এ ছাড়া দুই দিন তাঁকে অনাহারে রাখা হয়। বাবার বাড়ির লোকজন বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দেয়। পুলিশ মঙ্গলবার তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়।
হাসপাতালের বিছানায় শুয়ে কথা বলতে গিয়ে ব্যথায় কাতরে উঠছিলেন জেসমিন। কথা বলছিলেন আস্তে আসতে। একা একা বিছানা থেকে উঠে বসার সক্ষমতাও নেই তাঁর।
হাসপাতালের চিকিৎসক বোরহান উদ্দীন বলেন, জেসমিনের শরীরের কোথাও কেটে-ছিঁড়ে যায়নি। তবে আঘাতজনিত ব্যথা রয়েছে।
অভিযোগের বিষয়ে আশানুর মুঠোফোনে বলেন, বাবু নামে একজনের সঙ্গে পালিয়ে যাচ্ছিলেন জেসমিন। খবর পেয়ে তিনি তাঁকে রাস্তা থেকে ধরে আনেন। হকিস্টিক দিয়ে পেটানোর অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ধরে আনার সময় গায়ে একটু আঘাত লাগতে পারে।
কেশবপুর থানার উপপরিদর্শক তরিকুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। মামলার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।