কেশবপুরের হাতুড়ি বাহিনীর প্রধান গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুরের হাতুড়ি বাহিনীর প্রধান শরিফুল ইসলামকে (২৮) গত শনিবার রাতে গ্রেপ্তার করেছে মনিরামপুর থানার পুলিশ।
মনিরাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খবির উদ্দীন বলেন, মনিরামপুরের মোহনপুর গ্রামের স্বর্ণ ব্যবসায়ী গোবিন্দ ঘোষের বাড়িতে ২ আগস্ট বড় ধরনের একটি ডাকাতি হয়। ওই ঘটনায় করা মামলায় কেশবপুরের ব্রহ্মকাঠী গ্রামের নিজ বাড়ি থেকে শরিফুলকে গ্রেপ্তার করা হয়।
খবির আরও জানান, শরিফুলকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আবেদন করা হবে। তাঁর বিরুদ্ধে লোকজনকে হাতুড়ি দিয়ে পেটানোর অভিযোগে অনেকগুলো মামলা আছে।
কেশবপুর থানার ওসি আবদুল জলিল বলেন, শরিফুলের বিরুদ্ধে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করার ঘটনায় থানায় পাঁচটি মামলা আছে। ২০১০-২০১১ সালে এগুলো দায়ের হয়। তখন তিনি যুবলীগের কর্মী হিসেবে পরিচিত ছিলেন। তাঁর নেতৃত্বে একটি বাহিনী গড়ে উঠেছিল। সেই বাহিনীর ভয়ে মানুষ সব সময় সন্ত্রস্ত থাকত।