কোকেনসহ গ্রেপ্তার পেরুর নাগরিকের কাছ থেকে কোনো তথ্য মেলেনি
দুই কেজি তিন শ গ্রাম কোকেনসহ ধরা পড়া পেরুর নাগরিকের কাছ থেকে তাঁর বাংলাদেশি সহযোগীদের বিষয়ে ২২ দিনেও কোনো তথ্য পায়নি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বিমানবন্দরে তাঁকে ভিসা পাইয়ে দিতে সহযোগিতার অভিযোগে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিভিল অ্যাভিয়েশন) দুই কর্মীকেও গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকেও কোনো তথ্য মেলেনি।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় মাদক নিয়ন্ত্রণ সংস্থার (ডিইএ) সরবরাহ করা তথ্যের ভিত্তিতে গত ১ সেপ্টেম্বর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২ কেজি ৩০০ গ্রাম কোকেনসহ পেরুর নাগরিক জেইম বার্গলে গোমেজকে (৫০) গ্রেপ্তার করা হয়। বিমানবন্দরে তাঁকে ভিসা পাইয়ে দিতে সহযোগিতার অভিযোগে কনভেয়ার বেল্ট অপারেটর মো. সালাউদ্দিন ও অফিস সহকারী আবদুল সালামকে গ্রেপ্তার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো উপ-অঞ্চলের উপপরিচালক মুকুল জ্যোতি চাকমা বলেন, গ্রেপ্তার হওয়া জেইম শুধু স্প্যানিশ ভাষা বলতে পারেন। তাঁকে জিজ্ঞাসাবাদের সময় ভাষাগত জটিলতা ছিল। রাজধানীর একটি আবাসিক হোটেলে তাঁর বুকিং ছিল। সেটিও বিদেশ থেকে বুকিং দেওয়া হয়েছে, সেখানেও খোঁজ নিয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। জিজ্ঞাসাবাদে জেইম জানিয়েছেন, তাঁর তিন দিন পরে দক্ষিণ আফ্রিকার এক নাগরিকের ঢাকায় আসার কথা ছিল। কোকেনের চালানটির পরবর্তী বাহক হওয়ার কথা ছিল ওই আফ্রিকান নাগরিকের। এ ছাড়া আরেকজন পেরুর নাগরিকের নাম বলেছেন, যাঁর কাছ থেকে ওই কোকেন তিনি পেয়েছেন।
মুকুল জ্যোতি চাকমা বলেন, গ্রেপ্তার দুই সিভিল অ্যাভিয়েশনের কর্মীর বিরুদ্ধে ওই চক্রের সঙ্গে জড়িত থাকার বিষয়ে পর্যাপ্ত প্রমাণ তাঁরা সংগ্রহ করতে পারবেন।