কোকেনের আরেকটি চালান আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ আমেরিকা থেকে আসা কোকেনের আরও একটি চালান ধরা পড়েছে বাংলাদেশে। গতকাল মঙ্গলবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২ কেজি ৩০০ গ্রাম কোকেনসহ পেরুর একজন নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা বলেছেন, গ্রেপ্তার হওয়া পেরুর নাগরিক হলেন জেইম বার্গলে গোমেজ (৫০)। বিমানবন্দরে তাঁকে ভিসা পাইয়ে দিতে সহযোগিতার অভিযোগে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিভিল এভিয়েশন) দুই কর্মীকেও গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন কনভেয়ার বেল্ট অপারেটর মো. সালাউদ্দিন ও অফিস সহকারী আবদুল সালাম।
এর আগে গত জুন মাসে চট্টগ্রাম বন্দরে দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়া থেকে আমদানি করা সূর্যমুখী তেলের ড্রামে কোকেনের অস্তিত্ব পাওয়া যায়। একটি কনটেইনারে আসা ১০৭টি তেলের ড্রামের মধ্যে ৯৬ নম্বর ড্রামে কোকেন রয়েছে বলে নিশ্চিত হন শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের কর্মকর্তারা। প্রতিটি ড্রামের ওজন ১৮৫ কেজি।
এ ছাড়া ২০১৩ সালের ১১ এপ্রিল রাজধানীর কারওয়ান বাজারে একটি অভিজাত হোটেল থেকে পেরুর নাগরিক জাগাজিতা এল বারাতো হুয়ান পাবলো রাফায়েলকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তাঁর লাগেজ থেকে তিন কেজি বিশুদ্ধ কোকেন উদ্ধার করা হয়। এ ঘটনায় দুই পাকিস্তানিসহ মোট চারজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা বর্তমানে জামিনে রয়েছেন।
গতকাল তিনজনকে গ্রেপ্তারের বিষয়ে তেজগাঁওয়ের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এতে সংস্থাটির মহাপরিচালক খন্দকার রাকিবুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে পেরুর নাগরিক জেইম বার্গলেকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে অন অ্যারাইভাল ভিসা ও ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে সহায়তার অভিযোগে সিভিল এভিয়েশনের দুই কর্মীকে গ্রেপ্তার করা হয়। তাঁরা চোরাচালানে জড়িত বলে মহাপরিচালক উল্লেখ করেন।
তবে গ্রেপ্তার সিভিল এভিয়েশনের দুই কর্মী দাবি করেছেন, বকশিশ পাওয়ার আশায় তাঁরা পেরুর ওই ব্যক্তিকে সাহায্য করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা বলেন, যুক্তরাষ্ট্রের ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন (ডিইএ) গত সোমবার রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে পেরুর ওই ব্যক্তির পাসপোর্ট নম্বর, ফ্লাইট নম্বর সম্পর্কে বিস্তারিত তথ্য দেয়। এর ভিত্তিতে গতকাল সকাল থেকে বিমানবন্দরে সতর্ক ছিলেন কর্মকর্তারা। একপর্যায়ে পেরুর জেইম বার্গলে গোমেজকে আটক করে তল্লাশি চালানো হয়। পরে তাঁর লাগেজের ভেতরে সেলাই করা অবস্থায় মাদকের চালানটি পাওয়া যায়। ব্রাজিলের সাও পাওলো থেকে এমিরেটস এয়ারলাইনসের পিকে-৫৮২ নম্বর ফ্লাইটে করে জেইমের ভারতে যাওয়ার কথা ছিল। কিন্তু পথ পরিবর্তন করে তিনি গতকাল সকাল সাড়ে আটটার দিকে ঢাকায় আসেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক (অপারেশন) সৈয়দ তৌফিক উদ্দিন আহমেদ বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাসায়নিক পরীক্ষকেরা পরীক্ষা করে জব্দ করা নমুনায় কোকেনের উপস্থিতি নিশ্চিত করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা বলেন, বাংলাদেশে কোকেনের বাজার নেই। এক কেজি বিশুদ্ধ কোকেনের দাম ২৫ কোটি টাকা পর্যন্ত হতে পারে। তাই বাংলাদেশে মাদক হিসেবে এর ব্যবহার নেই বললেই চলে। মূলত বাংলাদেশের ওপর দিয়ে এই মাদক পাচার করা হয়। কলম্বিয়া, বলিভিয়া, পেরুসহ দক্ষিণ আমেরিকার কয়েকটি দেশ কোকেন উৎপাদন করে। কিন্তু এসব দেশ থেকে কোনো ব্যক্তি কিংবা মালামাল ইউরোপ বা যুক্তরাষ্ট্রে গেলে বিমানবন্দরে ওই ব্যক্তিকে এবং তাঁর সঙ্গে থাকা মালামালে মাদক আছে কি না, তা নিবিড়ভাবে তল্লাশি ও পরীক্ষা করা হয়। এ কারণে সন্দেহের বাইরে থাকতে মাদক চক্রগুলো প্রথমে চালান বাংলাদেশের মতো দক্ষিণ এশিয়ার বা মধ্যপ্রাচ্যের কোনো দেশে পাঠায়। এরপর সেখান থেকে ইউরোপ বা যুক্তরাষ্ট্রে পাঠানো হয়।