নারায়ণগঞ্জ সদর উপজেলার সস্তাপুরের কমর আলী হাইস্কুল অ্যান্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে কোচিং ফির নামে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে। প্রতিষ্ঠানটির তিন এসএসসি পরীক্ষার্থীর অভিভাবকেরা গতকাল সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
তিন অভিভাবক মাসুমা বেগম, জায়দা বেগম ও ফাহিমা বেগম লিখিত অভিযোগে বলেন, কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের ভয় দেখিয়ে রসিদ ছাড়া বিভিন্ন খাতে অতিরিক্ত টাকা আদায় করছে। ২০১৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে কোচিং ফির নামে ২ হাজার টাকা করে আদায় করা হচ্ছে। গতকাল থেকে এসএসসির নির্বাচনী পরীক্ষা শুরু হয়েছে। তবে যে শিক্ষার্থীরা নির্বাচনী পরীক্ষার আগে কোচিং ফির টাকা পরিশোধে ব্যর্থ হয়েছে ইতিমধ্যে তাদের পরীক্ষায় ফেল করানোর হুমকি দেওয়া হয়। এর আগে তাদের পরীক্ষার প্রবেশপত্রও আটকে রাখা হয়। অধ্যক্ষ নৃপেন্দ্র নাথ ভদ্র, বাংলার শিক্ষক মুহাম্মদ আল মামুন, সহকারী প্রধান শিক্ষক আবদুল জলিল, অভিভাবক প্রতিনিধি শাহ আলম কোচিং ফি পরিশোধ না করায় নির্বাচনী পরীক্ষায় ফেল করানোর বিষয়ে কয়েকজন পরীক্ষার্থী ও অভিভাবকদের ডেকে নিয়ে হুমকি দেন বলে লিখিত অভিযোগে বলা হয়।
কলেজের অধ্যক্ষ নৃপেন্দ্র নাথ ভদ্র বলেন, সেপ্টেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত পাঁচ মাসের কোচিং বাবদ ২ হাজার টাকা ফি নির্ধারণ করা হয়েছে। যারা ফি পরিশোধ করতে পারবে না, তাদের বিনা মূল্যে কোচিং করানো হবে। কোচিং ফি না দেওয়ায় নির্বাচনী পরীক্ষার প্রবেশপত্র আটকে রাখা ও ফেল করিয়ে দেওয়ার হুমকির অভিযোগ ঠিক নয়। অভিভাবকেরা কলেজের যাঁদের নামে অভিযোগ এনেছেন, তা সত্যি নয়।
ইউএনও আফরোজা আক্তার চৌধুরী বলেন, ‘অভিযোগ পেয়ে স্কুল কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছি।’