কোচিং ব্যবসার জন্য বিদ্যালয় ভাড়া
রাজশাহী নগরের ঐতিহ্যবাহী লোকনাথ উচ্চবিদ্যালয়টি কোচিং ব্যবসার জন্য ভাড়া দেওয়া হয়েছে। সারা বছর ধরেই এ বিদ্যালয়ে বিভিন্ন কক্ষে কোচিংয়ের ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হয়। আবার ভাড়ার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয় না।
নগরের রাজারহাতা এলাকায় ১৮৪৬ সালে বিদ্যালয়টি স্থাপিত হয়। বর্তমানে বিদ্যালয়ে প্রায় সাড়ে ৬০০ শিক্ষার্থী রয়েছে। শিক্ষক-কর্মচারী আছেন ৩২ জন। রাজশাহী সিটি করপোরেশন পরিচালিত এ বিদ্যালয়ের একটি নৈশ শাখা রয়েছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের নিজস্ব ক্লাসের পর কোচিং সেন্টারের ক্লাস নেওয়া হয়। সম্প্রতি হরতাল-অবরোধ শুরু হওয়ার পর থেকে নগরের কোনো কোনো বিদ্যালয়ে ক্লাস চললেও লোকনাথ উচ্চবিদ্যালয়ে কোনো ক্লাসই নেওয়া হয় না। সারা দিন কোচিংয়ের ক্লাস হয় এখানে।
বিদ্যালয়ের নিয়ম অনুযায়ী, বড় কক্ষ ব্যবহারের জন্য তারা প্রতি মাসে একটি কোচিং সেন্টারের কাছ থেকে চার হাজার ও ছোট কক্ষের জন্য দুই হাজার আর মাঝারি কক্ষের জন্য তিন হাজার টাকা করে নিয়ে থাকে।
২৩ ফেব্রুয়ারি ওই বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, একটি কোচিং সেন্টারের পক্ষ থেকে বিসিএস পরীক্ষার প্রস্তুতির জন্য পূর্ব দিকের একটি কক্ষে পরীক্ষা নেওয়া হচ্ছে। তখন পশ্চিম পাশের আরেকটি কক্ষে অন্য একটি কোচিং সেন্টারের ক্লাস নেওয়া হচ্ছে। বিদ্যালয়ের মাঠের মধ্যে অনেক শিক্ষার্থী অপেক্ষা করছে। তাদেরও কোচিংয়ের ক্লাস হওয়ার কথা রয়েছে।
অ্যাম্বিশন কোচিং সেন্টারের দায়িত্বে রয়েছেন, এমন এক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, তাঁরা চার বছর ধরে এই বিদ্যালয়ে কোচিংয়ের ক্লাস নিচ্ছেন। তাঁরা একটি কক্ষের জন্য মাসে চার হাজার এবং অন্য একটি কক্ষের জন্য দুই হাজার টাকা ভাড়া দেন।
মাধ্যমিক ও উচ্চশিক্ষার রাজশাহী আঞ্চলিক কার্যালয়টি এই বিদ্যালয়ের দক্ষিণ পাশের দেয়াল ঘেঁষে অবস্থিত। জানতে চাইলে কার্যালয়ের উপপরিচালক শরমিন সুলতানা বলেন, এটা সম্পূর্ণ বেআইনি। বিদ্যালয় ভবন কখনোই কোচিং ব্যবসার জন্য ভাড়া দেওয়া যাবে না। তবে কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে কখনো ভাড়া দেওয়া হলেও সেই ভাড়ার টাকা ট্রেজারি চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দিতে হবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস সোবহান বলেন, আগের প্রধান শিক্ষকেরা যেভাবে ভাড়া দিয়েছেন, তিনিও একই নিয়মে করছেন।