কোচিং সেন্টারে শিশুকে পিটিয়ে গুরুতর জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার একটি কোচিং সেন্টারের শিক্ষকের বিরুদ্ধে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার রাতে শহরের বিজয় বৃত্তি কোচিং সেন্টারে এ ঘটনা ঘটে।
ইসরাত জাহান (৯) নামে ওই ছাত্রীকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত শিক্ষকের নাম জহিরুল ইসলাম ওরফে বাদল। তিনি বরগুনা সদর উপজেলার রোডপাড়া শহীদ স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
বরগুনার জেলা প্রশাসক মীর জহুরুল ইসলাম গতকাল শুক্রবার ও পুলিশ সুপার বিজয় বসাক বৃহস্পতিবার রাতে ওই ছাত্রীকে দেখতে হাসপাতালে যান। পরে তাঁরা অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও সদরের ইউএনওকে নির্দেশ দেন।
আহত শিক্ষার্থীর বাবা জামাল সিকদার বলেন, ইসরাত বরগুনা ক্যালিক্স একাডেমির তৃতীয় শ্রেণির ছাত্রী। জহিরুল ইসলামের মালিকানাধীন বিজয় বৃত্তি কোচিং সেন্টারে এক বছর ধরে সে পড়ছে। বৃহস্পতিবার রাত ৯টার জহিরুল তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের গণিত ক্লাস নিচ্ছিলেন। ইসরাত একটি অঙ্কে ভুল করায় জহিরুল তাকে বেধড়ক পেটান। এতে সে অচেতন হয়ে পড়ে। রাত ১০টায় ইসরাতের মামা তাকে আনতে গিয়ে গুরুতর অবস্থায় পান। রাতেই তাকে বরগুনা হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের আরএমও কামরুল ইসলাম বলেন, শিশুটির সুস্থ হতে অনেক সময় লাগবে।
বরগুনা থানার ওসি রিয়াজ হোসেন বলেন, গ্রেপ্তারের জন্য অভিযান চালিয়ে ওই শিক্ষককে গতকাল শুক্রবার বিকেলে আমতলা পাড় থেকে গ্রেপ্তার করা হয়েছে।