কোচিং সেন্টারে শিশুকে পিটিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার চাটমোহর উপজেলা সদরের প্যারামাউন্ট কোচিং সেন্টারের দুই শিক্ষক এক শিশু ছাত্রকে বেত দিয়ে পিটিয়ে আহত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বেতের আঘাতে শিশুটির শরীরের বিভিন্ন স্থানে ক্ষত সৃষ্টি হয়ে আছে।
আলি ইমাম (১৩) নামের নামের ওই শিশুর বাবা উপজেলার রেলবাজার এলাকার আবদুল মান্নান ওই দুই শিক্ষকের বিচার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্ত দুই শিক্ষক হলেন কোচিং সেন্টারের পরিচালক হাসান শাহরিয়ার ও ইংরেজির শিক্ষক সৃজন এলাহী।
লিখিত অভিযোগে আবদুল মান্নান অভিযোগ করেন, গত শনিবার ক্লাসে সামনের বেঞ্চে বসা নিয়ে আলি ইমামের সঙ্গে এক সহপাঠীর বাগ্বিতণ্ডা হয়। এ জন্য শাস্তি হিসেবে সৃজন এলাহী ক্লাসেই বেত দিয়ে তাকে পা থেকে কোমর পর্যন্ত পেটান। সন্ধ্যায় হাসান শাহরিয়ার বিষয়টি জানার পর আরেক দফা পেটান। এতে আলি ইমাম অসুস্থ হয়ে পড়ে। এ সময় হাসান শাহরিয়ার বিষয়টি পরিবারের সদস্যদের জানাতে নিষেধ করেন, জানালে আরও শাস্তি দেওয়া হবে বলেও হুমকি দেন। রোববার আলি ইমাম আরও অসুস্থ হয়ে পড়ে। একপর্যায়ে এক সহপাঠী আলি ইমামের বাবাকে মুঠোফোনে বিষয়টি জানায়। পরে তিনি গিয়ে ছেলেকে কোচিং সেন্টার থেকে এনে চিকিৎসা দেন।
হাসান শাহরিয়ারের মুঠোফোনে যোগাযোগ করলে তাঁর স্ত্রী পরিচয়ে এক নারী বলেন, অভিভাবকেরাই তাঁদের সন্তানদের শাসন করতে বলেছেন। আবার শাসন করলে উল্টো প্রতিক্রিয়া দেখান। বিষয়টির জন্য আলি ইমামের অভিভাবকের কাছে দুঃখ প্রকাশ করা হয়েছে।
চাটমোহরের ইউএনও বেগম শেহেলী লায়লা বলেন, বিষয়টি তদন্ত করার জন্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে।