কোটালীপাড়ার মেয়রের নামে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের কোটালীপাড়া পৌরসভার মেয়র এইচ এম অহিদুল ইসলামের বিরুদ্ধে খাল দখল করে রাস্তা নির্মাণের অভিযোগে মামলা হয়েছে। গত বৃহস্পতিবার পৌরসভার আলীঠা পাড়া মহল্লার বাসিন্দা সাদ্দাম হোসেন কোটালীপাড়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম কাঞ্চন কুমার কুণ্ডুর আদালতে জনস্বার্থ রক্ষায় এ মামলাটি করেন।

মামলার এজাহারে কোটালীপাড়া পৌরসভার ভেতর দিয়ে প্রবাহিত গাংজলা খালের ওপর এবং আলীঠা পাড়ায় রাস্তার নামে বাঁধ দিয়ে জনগণের পানি ব্যবহার ও সেচব্যবস্থায় বাধা সৃষ্টি করে ক্ষতি করার অভিযোগ আনা হয়।
বাদীপক্ষের আইনজীবী দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, আদালত মামলাটি আমলে নিয়ে উপজেলা কৃষি কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন দিতে আদেশ দিয়েছেন এবং মামলার পরবর্তী তারিখ ধার্য করেছেন আগামী ২৫ সেপ্টেম্বর।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, আসামি ক্ষমতার অপব্যবহার করে খালের বিভিন্ন স্থানে রাস্তার নামে বাঁধ দিয়ে পানি চলাচলে বাধার সৃষ্টি করেছেন।
মেয়র এইচ এম অহিদুল ইসলাম বলেন, ‘আমি খালে বাঁধ দিইনি। মোটা পাইপ বসিয়ে পানিপ্রবাহ অক্ষুণ্ন রেখে বক্স কালভার্ট করে সড়ক নির্মাণের উদ্যোগ নিয়েছিলাম। তবে ইউএনও কাজ বন্ধ করে দিয়েছেন। এখনো কাজ বন্ধ রয়েছে।’ তিনি বলেন, ‘আমার ভাবমূর্তি নষ্ট করা ও উন্নয়নকাজ ব্যাহত করার জন্যই এ মামলা করা হয়েছে।’