কোটি কোটি ডলার লেনদেন, জড়িত চার দেশের দালালেরা
দক্ষিণ-পূর্ব এশিয়ায় মানব পাচারে কোটি কোটি ডলার লেনদেন হচ্ছে। এ কাজে বাংলাদেশ, মালয়েশিয়া, মিয়ানমারের নাগরিকেরা ও থাইল্যান্ডের সরকারি কর্মকর্তাদের জড়িত থাকার অভিযোগ উঠেছে।
দক্ষিণ-পূর্ব এশিয়াভিত্তিক অ্যাডভোকেসি গ্রুপ ফর্টিফাই রাইটসের তথ্যমতে, এই অঞ্চলে ২০১২ সাল থেকে এ পর্যন্ত মানব পাচারে ২৫ কোটি ডলার লেনদেন হয়েছে। এর মাধ্যমে পাচারে জড়িত ‘কয়েক স্তরের মানুষ’ ধনী হয়েছে। গতকাল শনিবার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ রকম তথ্য তুলে ধরা হয়েছে।
এই অঞ্চলের পাচারের শিকার হওয়া বেশির ভাগ মানুষই বাংলাদেশি, নয়তো মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম। দালালদের খপ্পরে পড়ে জীবিকার সন্ধানে অবৈধভাবে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া বা থাইল্যান্ডে পাড়ি জমাতে ঝুঁকি নিয়ে তারা গাদাগাদি করে ছোট নৌকায় চেপে বসে।
এমন একটি নৌকায় চেপে বসেছিলেন রোহিঙ্গা মুসলিম মোহাম্মদ সেলিম। গত শুক্রবার ওই নৌকাটি থাইল্যান্ডের জলসীমায় গেলে থাই কর্তৃপক্ষ তাঁদের খাবার ও পানি দিয়ে গভীর সাগরে ঠেলে দেয়। এখন তাঁদের অবস্থান অজানা। এর আগে ওই সেলিম জানান, তাঁরা দুই ভাই মালয়েশিয়ায় পৌঁছার জন্য দালালদের সঙ্গে ১ হাজার ১২০ ডলারের চুক্তি করেছেন। গন্তব্যে পৌঁছে তা দেওয়ার কথা। তিনি বলেন, ‘এখন পর্যন্ত কোনো অর্থ দিইনি...আমরা শুধু মালয়েশিয়ায় পৌঁছাতে চাই।’
মানবাধিকার সংগঠনগুলো বলছে, মানব পাচারের ক্ষেত্রে অর্থ লেনদেনের আসল ঘটনা ঘটে থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে। পাচারের শিকার হওয়া মানুষদের সাগরপথে থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের জঙ্গলে নেওয়া হয়। সেখানে পাচারের শিকার হওয়া প্রতিজনের স্বজনদের কাছ থেকে দুই হাজার ডলার পর্যন্ত আদায় করা হয়। সেটা না পেলে ওই ব্যক্তিদের মালয়েশিয়ায় বিক্রি করে দেওয়া হয়।
থাইল্যান্ডভিত্তিক পাচারবিরোধী সংগঠন ফ্রিল্যান্ড ফাউন্ডেশন বলেছে, একটি নৌকায় কোনোভাবে ৪০০ জনকে তুলতে পারলে পাচারকারীরা আট লাখ ডলার পর্যন্ত হাতিয়ে নিতে পারে। ফ্রিল্যান্ড ফাউন্ডেশন থাইল্যান্ডে মানব পাচারবিরোধী তদন্তে পুলিশকে সহযোগিতা করছে।
১ মে থাইল্যান্ডে পাচারের শিকার বাংলাদেশি ও রোহিঙ্গাদের গণকবর পাওয়ার পর পাচারবিরোধী বড় অভিযান শুরু করে থাই কর্তৃপক্ষ। এর অংশ হিসেবে ৬০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। শাস্তিমূলকভাবে অন্তত ৬০ পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। থাই সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে এতে জড়িত থাকার অভিযোগ উঠেছে। থাইল্যান্ডে সাতুন প্রদেশের সাবেক প্রভাবশালী কর্মকর্তা পাজুবান অংকাচোতেফান যিনি ‘কো তং’ অর্থাৎ ‘বড় ভাই’ বলে পরিচিত, তাঁকেও মানব পাচারে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে।
থাইল্যান্ডের ন্যাশনাল পুলিশের প্রধান সোমইয়োত পোম্পানমং গত শুক্রবার জানান, কো তং পালিয়ে বেড়াচ্ছেন।
ফর্টিফাই রাইটসের ম্যাথিউ স্মিথ জানান, পাচার চক্রের বেশির ভাগই মালয়েশিয়া ও মিয়ানমারের নাগরিক। তবে মানব পাচারে হাতিয়ে নেওয়া অর্থের সিংহভাগই যায় থাইল্যান্ডের ‘বসদের’ পকেটে।
সম্প্রতি কক্সবাজারে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিন মানব পাচারকারী নিহত হয়। আর জনপ্রতি ২০ হাজার টাকা করে নিয়ে এক হাজারের বেশি মানুষকে পাচারের অভিযোগে ধলু শেখ (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। কক্সবাজারের পুলিশ কর্মকর্তা তোফায়েল আহমেদ জানান, থাইল্যান্ডে অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত তাঁরা ১৬ জন দালালকে গ্রেপ্তার করেছেন। তিনি জানান, এই দালালেরা একসময় নৌকার মাঝি বা জেলে ছিল। পরে মানব পাচার চক্রের সঙ্গে জড়িয়ে পড়ে।