কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও, পরে গ্রেপ্তার
নেত্রকোনার কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের এক কর্মচারীর বিরুদ্ধে কৌশলে সরকারি তহবিলের কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ পাওয়া গেছে। টাকা নিয়ে দেড় মাস পলাতক থাকা অবস্থায় তাঁকে ৪ আগস্ট আটক ও তার পরদিন চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ওই কর্মচারীর নাম মোহাম্মদ নাজিম উদ্দিন। তিনি কলমাকান্দা ইউএনওর কার্যালয়ে সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে কর্মরত ছিলেন।
কলমাকান্দার ইউএনও ও জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, নাজিম উদ্দিন ২০১০ সালের ১৮ মার্চ কলমাকান্দা কার্যালয়ে যোগদান করেন। যোগদানের পর থেকেই তাঁর বিরুদ্ধে সরকারি তহবিলের বিভিন্ন খাতের টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। তিনি হাটবাজার ও জলমহালে ইজারার টাকা এবং উপজেলার সব সরকারি কার্যালয়ের টেলিফোন, বিদ্যুৎ বিলসহ সরকারি বিভিন্ন তহবিলের টাকা জমা দিতেন। এক বছর ধরে তিনি এসব খাতের টাকা জমা না দিয়ে আত্মসাৎ করতে থাকেন। আবার কখনো ইজারাদারদের কাছ থেকে নগদ টাকা গ্রহণ করে তা তিনি আত্মসাৎ করেন। গত ১৪ জুন থেকে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই তাঁর অনুপস্থিত থাকার বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের মনে সন্দেহ জাগায়। পরে তাঁর নথিপত্র ঘেঁটে বিপুল অঙ্কের টাকার গরমিল পাওয়া যায়। গুরুত্বপূর্ণ বিভিন্ন কাগজপত্র তিনি গায়েব করে দেন।
এ বিষয়গুলো ইউএনও মো. এনামুল আহসান জেলা প্রশাসনকে লিখিতভাবে জানান। পরে জেলা প্রশাসক তরুণ কান্তি শিকদার অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) আবদুর রহিমকে বিষয়টি তদন্তের দায়িত্ব দেন। এডিসি আবদুর রহিম বেশ কয়েক দিন তদন্ত করে সরকারি তহবিলের টাকার গরমিল পান। জেলা প্রশাসকও ৩ আগস্ট কলমাকান্দার ইউএনও অফিসে অবস্থান করে অভিযোগ যাচাই-বাছাই করেন। তিনিও হিসাবে গরমিল পান।
সরকারি তহবিলের টাকা আত্মসাতের অভিযোগে নাজিম উদ্দিনের বিরুদ্ধে ৪ আগস্ট কলমাকান্দা থানায় উপজেলা প্রশাসন বাদী হয়ে মামলা করে। ওই দিনই নেত্রকোনা সদর থানার পুলিশ তাঁকে শহরের সাতপাই এলাকা থেকে গ্রেপ্তার করে। ৫ আগস্ট তাঁকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়। ইউএনও মো. এনামুল আহসান বলেন, ‘আমি ৫ জুন এখানে যোগদান করি। ১৪ জুন থেকে নাজিম উদ্দিন বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকায় আমাদের মনে তাঁর বিষয়ে সন্দেহ জাগে। পরে নথিপত্র ঘেঁটে দেখা গেছে, তাঁর দায়িত্বে থাকা সরকারি তহবিলের প্রচুর টাকার গরমিল রয়েছে।’
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুর রহিম বলেন, নাজিম উদ্দিন নামের ওই কর্মচারী কোটি টাকার বেশি আত্মসাৎ করে উধাও হয়েছিলেন। পুলিশ তাঁকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। ৫ আগস্ট তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
জেলা প্রশাসক তরুণ কান্তি শিকদার বলেন, ‘আত্মসাৎকৃত টাকার সঠিক পরিমাণ এখনো নির্ণয় করা যায়নি। ধারণা করা হচ্ছে, এর পরিমাণ কোটি টাকা বা তারও কম বা বেশি হতে পারে। দুর্নীতি দমন কমিশন ওই অভিযোগ তদন্ত করবে।