ঝিনাইদহে পুলিশের কনস্টেবল পদে লোক নিয়োগের আশ্বাস দিয়ে ২৭ জনের কাছ থেকে কোটি টাকার ওপরে হাতিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় সাংসদ নবী নেওয়াজের পক্ষে তাঁর ভাই মইনুল ইসলাম এই টাকা নেন বলে অভিযোগ উঠেছে। তবে মইনুল এ অভিযোগ অস্বীকার করেছেন।
ভুক্তভোগী কয়েকজনের বিবরণ অনুযায়ী, ২৫ ফেব্রুয়ারি ঝিনাইদহ পুলিশ লাইনস মাঠে পুলিশে কনস্টেবল নিয়োগের প্রাথমিক বাছাই করা হয়। এ নিয়োগের ক্ষেত্রে ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলা) আসনের সাংসদ নবী নেওয়াজ ২০-২৫ জনের জন্য সুপারিশ করবেন বলে আশ্বাস দেন তাঁর আপন ভাই মইনুল। তিনি ও সাংসদের কয়েকজন অনুসারী চাকরিপ্রত্যাশী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করেন। টাকা দেওয়ার সামর্থ্য আছে, এমন অন্তত ৫৮ জন আবেদনকারী মইনুলদের সঙ্গে যোগাযোগ করেন।
নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের এক নেতা প্রথম আলোকে গত বুধবার জানান, সাংসদের শরণাপন্ন চাকরিপ্রত্যাশী বেশি হওয়ায় জটিলতার সৃষ্টি হয়। এ জটিলতা দূর করতে সাংসদের নির্দেশে তাঁর ভাই প্রাথমিকভাবে একটি পরীক্ষার আয়োজন করেন। মহেশপুর বালিকা বিদ্যালয়ের একটি কক্ষে ২৩ ফেব্রুয়ারি বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলে এই পরীক্ষা। পরীক্ষা শুরুর আগে মইনুল প্রশ্নপত্র, খাতাসহ দুজন শিক্ষককে সঙ্গে নিয়ে স্কুলে আসেন। পাঁচজন শিক্ষক হল পরিদর্শকের দায়িত্ব পালন করেন। লিখিত পরীক্ষা শেষে অংশগ্রহণকারীদের উচ্চতাও মাপা হয়। পরে উত্তরপত্র নিয়ে যান মইনুল।
চাকরিপ্রত্যাশীদের বেশ কয়েকজন বলেন, পরীক্ষার পরদিন তাঁদের ফলাফল জানানো হয়। সেখানে ২৭ জনকে উত্তীর্ণ দেখিয়ে টাকা নেওয়া হয়। এঁদের পুলিশ লাইনসে যেতে বলা হয়। সাংসদের ভাইয়ের দাবি অনুযায়ী টাকা দিয়ে তাঁরা ২৫ ফেব্রুয়ারি পুলিশ লাইনসে যান। কিন্তু তাঁরা সেখানে বাছাই পর্বে বাদ পড়েন। বিষয়টি নিয়ে মইনুলের সঙ্গে তাঁরা কথা বলেন। এ পর্যায়ে মইনুল জানান, এবার সাংসদের কোনো সুপারিশ প্রশাসন রাখেনি। টাকা ফেরত চাইলে, পরে দেওয়া হবে। কিন্তু ফেরত দিচ্ছেন না।
মহেশপুর বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রঞ্জন কুমার বলেন, মইনুলের অনুরোধে তিনি ওই দিন বিদ্যালয়ের একটি কক্ষ খুলে দেন। এরপর সেখানে পরীক্ষা নেওয়া হয়। মহেশপুর উপজেলার পারিবিলা গ্রামের সোহেল রানা ছিলেন একজন চাকরিপ্রত্যাশী। তাঁর বাবা হাশেম আলী বলেন, তাঁর ছেলে পরীক্ষা দিয়েছিল। তিনি আওয়ামী লীগের রাজনীতি করেন। এর পরও টাকা দিতে হয়েছিল। শ্যামকুড় গ্রামের নাসির উদ্দিনও টাকা দিয়েছিলেন। তাঁরও চাকরি হয়নি। নাম প্রকাশ না করার শর্তে আরেক প্রার্থী বলেন, তিনি ২৪ ফেব্রুয়ারি মইনুলের কাছে নগদ পাঁচ লাখ টাকা দেন। এখন সেই টাকা ফেরত পাচ্ছেন না।
জানতে চাইলে চাকরির আশ্বাস দিয়ে টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেন মইনুল। তিনি বলেন, আগ্রহী প্রার্থীর সংখ্যা বেশি হওয়ায় ওই পরীক্ষা নেন। সেই পরীক্ষায় উত্তীর্ণ ব্যক্তিদের জন্য সাংসদ সুপারিশ করেন। কিন্তু (পুলিশ) প্রশাসন তা রাখেনি।
গতকাল বৃহস্পতিবার রাতে সাংসদ নবী নেওয়াজ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, এলাকার ছেলেদের ভালোর জন্য দলের নেতারা পরীক্ষা নিয়েছেন। কিন্তু কারও কাছ থেকে টাকা নেওয়া হয়নি।
অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসানুজ্জামান বলেন, এ ধরনের পরীক্ষা নেওয়া ও অর্থ লেনদেনের সঙ্গে পুলিশ বিভাগের সম্পর্ক নেই। ব্যক্তিগত উদ্যোগে কে কী করেছেন, তা তাঁর জানা নেই। ১৩০ জনের নিয়োগ-প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে।