সিরাজগঞ্জ ও পাবনার ৩৯ ব্যক্তির কাছ থেকে জনপ্রতি ২ লাখ ৭০ হাজার টাকা নিয়ে পাবনার আল ফাতাহ্ ট্রাভেলস ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠানের মালিক ইব্রাহিম খলিল উধাও হয়ে গেছেন। ফলে তাঁদের হজযাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে।
গতকাল শুক্রবার সিরাজগঞ্জের শাহজাদপুরে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেছেন হজযাত্রীরা। সংবাদ সম্মেলনের পর ইব্রাহীম খলিলের বাড়ি পাবনার আতাইকুলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
সংবাদ সম্মেলনে হজযাত্রীদের মধ্যে ছানোয়ার হোসেন লিখিত বক্তব্যে বলেন, উপজেলা সদরের দিলরুবা বাসস্ট্যান্ড জামে মসজিদের পেশ ইমাম আনিছুর রহমান ও দ্বারিয়াপুর মহল্লার মান্নান বিশ্বাসের মাধ্যমে পাবনার আল-ফাতাহ্ ট্রাভেলস ইন্টারন্যাশনালের (লাইসেন্স নং-৪৯৮৭) মালিক ইব্রাহিম খলিলের সঙ্গে হজে যাওয়ার বিষয়ে তাঁদের চুক্তি হয়। চুক্তি মোতাবেক তাঁরা ৩৯ জন ২ লাখ ৭০ হাজার টাকা করে প্রদান করেন। চুক্তি মোতাবেক পাসপোর্ট, ভিসা, বিমানের টিকিট, মক্কা-মদিনায় থাকার ঘরভাড়া বাবদ গত ১৫ মের মধ্যে ইব্রাহিম খলিলকে নগদ ও তাঁর ইসলামী ব্যাংক, পাবনা শাখা হিসাবে সর্বমোট ১ কোটি ৫ লাখ ৩০ হাজার টাকা পরিশোধ করা হয়। ঢাকার রৌমারী ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের মাধ্যমে তাঁদের সৌদি আরব পাঠানোর সব ধরনের ব্যবস্থা করা হয়েছে বলে ইব্রাহিম খলিল তাঁদের জানান। সে অনুযায়ী ১৫ সেপ্টেম্বর হজ ফ্লাইটে তাঁদের সৌদি আরব যাওয়ার কথা থাকলেও ইব্রাহিম খলিল এক সপ্তাহ ধরে তাঁর পাবনার অফিস ও বাসায় তালা দিয়ে উধাও হয়ে গেছেন। তাঁর মুঠোফোন নম্বরও বন্ধ রয়েছে।
এ ব্যাপারে ইব্রাহিম খলিলের মুঠোফোনে বারবার চেষ্টা করলে সেটি বন্ধ পাওয়া যায়।
রৌমারী ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের মালিক জাহিদুল ইসলাম মুঠোফোনে বলেন, ৩৯ জন হজযাত্রীর বিমানের টিকিট, ভিসা, মক্কা ও মদিনায় ঘর ভাড়া বাবদ ৯০ লাখ টাকা দেওয়ার কথা থাকলেও ইব্রাহিম খলিল তিন কিস্তিতে মাত্র ১৫ লাখ টাকা জমা দিয়েছেন। বেশ কিছুদিন ধরে তিনি আর যোগাযোগ করেননি। বাকি টাকা পরিশোধ করলে হজের ব্যবস্থা করা সম্ভব হবে বলে জানান তিনি।