কোটি টাকার আরেকটি গাড়ি জব্দ
চট্টগ্রাম নগরের বায়েজিদ এলাকা থেকে মিতসুবিশি সোগান নামের একটি দামি গাড়ি জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। আজ মঙ্গলবার সকালে বায়েজিদের গ্রিনভিউ আবাসিক এলাকার একটি ভবনের গ্যারেজ থেকে গাড়িটি জব্দ করা হয়। এ অভিযানে সহায়তা করে র্যাব-৭।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক এস এম শামীমুর রহমান প্রথম আলোকে বলেন, বায়েজিদ এলাকার সৈয়দ আজম উদ্দিন নামের এক ব্যক্তি মিতসুবিশি সোগান মডেলের কালো রঙের গাড়িটি কারনেট সুবিধায় এনেছিলেন। তবে কোনো কাগজপত্র না পাওয়ায় গাড়িটি কখন আনা হয়েছিল, তা জানা যায়নি। এই গাড়ির দাম প্রায় আড়াই থেকে তিন কোটি টাকা। গাড়িটি কাস্টম হেফাজতে রাখা হয়েছে। গাড়ির মালিক শুল্ক পরিশোধ না করলে তাঁর বিরুদ্ধে মামলা করা হবে।
গতকাল সোমবার মিথ্যা ঘোষণায় আনা চট্টগ্রাম বন্দরের এক নম্বর ইয়ার্ডের একটি কনটেইনার থেকে প্রায় ছয় কোটি টাকা দামের একটি রেঞ্জ রোভার গাড়ি জব্দ করেছিল শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।