কয়েকজন ঠিকাদার হবিগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয়ের প্রায় এক কোটি টাকার কাজ ভাগাভাগি করে নিয়েছেন। ওই কার্যালয়ের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে যোগসাজশ করে দরপত্র-প্রক্রিয়া গোপনে সম্পন্ন করে তাঁরা এ কাজ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি জানাজানি হওয়ায় এসব কাজের প্রকল্প পরিচালক সব দরপত্র জেলা কার্যালয় থেকে জব্দ করে গত বৃহস্পতিবার ঢাকায় নিয়েছেন।
জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, বিশেষ গ্রামীণ পানি সরবরাহ প্রকল্পের অধীনে জেলার আটটি উপজেলায় নলকূপ বসানোর জন্য প্রায় এক কোটি টাকার দরপত্র আহ্বান করে জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। নয়টি গ্রুপে এই দরপত্র গ্রহণের শেষ তারিখ দেখানো হয় গত ১৪ আগস্ট।
সর্বনিম্ন দরদাতা হিসেবে মোতাহের হোসেন রিজু (গ্রুপ-১) প্রায় সাড়ে ১৪ লাখ টাকার, মাসুক মিয়া (গ্রুপ-২) প্রায় ১৫ লাখ, ইসলাম ট্রেডার্স (গ্রুপ-৩) ১৫ লাখ ১৫ হাজার, আবদুল ওয়াহেদ (গ্রুপ-৪) ১৫ লাখ, আলাউদ্দিন (গ্রুপ-৫) প্রায় সাড়ে ১৪ লাখ, জোহা ট্রেডার্স (গ্রুপ-৬) প্রায় ১৫ লাখ, এস আলী অ্যান্ড সন্স (গ্রুপ-৭) প্রায় ১৫ লাখ, আতাউর রহমান (গ্রুপ-৮) আট লাখ ও জোহা ট্রেডার্সকে (গ্রুপ-৯) প্রায় সাড়ে ১১ লাখ টাকার কাজ দেওয়ার সুপারিশ করা হয়েছে। নির্বাহী প্রকৌশলী ফিরোজ আলম এই ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোকে কার্যাদেশ দেওয়ার বিষয়ে প্রধান কার্যালয়ে সম্প্রতি চিঠি পাঠিয়েছেন।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অধিকাংশ ঠিকাদার অভিযোগ করেন, এই দরপত্রের বিষয়ে তাঁরা কিছুই জানেন না। দরপত্র গোপন রেখে নির্বাহী প্রকৌশলী তাঁর পছন্দসই নয়জন ঠিকাদারের মধ্যে কাজ বণ্টন করেন। এ ব্যাপারে ঠিকাদারেরা সম্প্রতি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান কার্যালয়সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন।
ঠিকাদার হুমায়ুন কবির জানান, এক কোটি টাকার কাজের দরপত্র গত ১৮ জুলাই দৈনিক যায়যায়দিন ও ডেইলি সান-এ প্রকাশ করা হয়। অথচ তা স্থানীয় সংবাদপত্রে প্রকাশ করা হয়নি। পাশাপাশি কার্যালয়ের নোটিশ বোর্ডেও সাঁটানো হয়নি। এ কারণে অনেক ঠিকাদার দরপত্র কিনতে পারেননি।
ঠিকাদার আবদুস সামাদ আজাদ অভিযোগ করেন, তিনি এই দরপত্রে অংশ নেন এবং ৩ ও ৪ নম্বর গ্রুপের সর্বনিম্ন দরদাতা হন। অথচ তাঁকে পাশ কাটিয়ে নির্বাহী প্রকৌশলী তাঁর পছন্দের লোকজনকে কাজ পাইয়ে দেন।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের একটি সূত্র জানায়, জেলা প্রশাসকের কার্যালয় থেকে নয়টি ও জনস্বাস্থ্য কার্যালয় থেকে ২১টি দরপত্র বিক্রি দেখানো হলেও তা অল্পসংখ্যক ঠিকাদার উত্তোলন করেন। সমঝোতার ভিত্তিতে প্রতিটি গ্রুপের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সবনিম্ন দরদাতা নির্ধারণ করে দেন নির্বাহী প্রকৌশলী নিজেই। এ নিয়ে অভিযোগ ওঠায় সব দরপত্র জব্দ করে ঢাকা অফিসে নেওয়া হয়েছে।
হবিগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ফিরোজ আলম বলেন, দরপত্রে কোনো অনিয়ম হয়নি। নিয়ম ও স্বচ্ছতার ভিত্তিতে যাঁরা দরপত্র পেয়েছেন, তাঁদের তালিকা সুপারিশ করে ঢাকায় পাঠানো হয়েছে। সেখান থেকে অনুমোদন হয়ে এলে কার্যাদেশ দেওয়া হবে। এসব কাজের দরপত্র জব্দ করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, অভিযোগ ওঠায় ওই সব দরপত্র জব্দ করা হয়েছে। সর্বনিম্ন দরদাতা নির্ধারণ ও কারও সঙ্গে সমঝোতা করা হয়নি। মনোনীত ঠিকাদারদের পক্ষ থেকে মাসুক মিয়া ও আবদুল ওয়াহেদ বলেন, যাঁরা কাজ পাননি বা কাজ পাওয়ার যোগ্যতা রাখেন না, তাঁরাই অনিয়মের অভিযোগ এনেছেন।